TEAM INDIA : চোটের ধাক্কা! ‘আনফিট’ বুমরাহকে রেখেই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, কামব্যাক জাদেজার
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- চোটে জেরবার ভারতীয় দল। ইংল্যান্ড সিরিজের পর বাঁ হাঁটুর চোট নিয়ে ছিটকে থাকা জশপ্রীত বুমরাহকে রেখেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। তবে খেলতে গেলে ফিটনেস টেস্টে পাশ করতে হবে তাকে। একই সঙ্গে চোট সারিয়ে দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই সিরিজ জিততেই হবে শুভমান গিলদের। (TEAM INDIA)
আগামী ১৫ আগস্ট গলে প্রথম টেস্ট এবং ২৩ আগস্ট কলম্বোয় দ্বিতীয় টেস্ট। সিরিজ শুর আগে একটি প্র্যাকটিস ম্যাচও খেলবে ভারত। (TEAM INDIA)
বোর্ড সূত্রে খবর, বুমরাহর ‘রিকভারি’ চলছে। সিরিজ শুরু হতে এখনও তিন সপ্তাহ বাকি থাকায় তার হাতে সময় আছে বলেই স্কোয়াডে রাখা হয়েছে। তবে চূড়ান্ত ছাড়পত্র মিলবে ফিটনেস টেস্টের পর। বুমরাহর মতোই সাই সুদর্শনকেও ফিটনেস পরীক্ষা দিতে হবে।
ইনজুরির কারণে দলে নেই নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানা। তবে সুখবর, প্রায় ৭ মাস পর কামব্যাক করলেন রবীন্দ্র জাদেজা। চলতি বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলার পর তিনি দলের বাইরে ছিলেন। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক পিচে তার অভিজ্ঞতা বড় ভরসা। স্কোয়াডে নতুন মুখ মধ্যপ্রদেশের স্পিনার সারাংশ জৈন। ঘরোয়া ক্রিকেটে ১৩১ উইকেট নিয়ে জাতীয় দলে ডাক পেলেন তিনি। (TEAM INDIA)
ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, দেবদত্ত পাড়িক্কল, সারাংশ জৈন
ডব্লিউটিসি ফাইনালের ক্ষীণ সম্ভাবনা টিকিয়ে রাখতে শ্রীলঙ্কা সিরিজ ভারতের কাছে ‘ডু অর ডাই’। বুমরাহ ফিট হয়ে ফেরেন কিনা এবং জাদেজা-সারাংশরা কেমন করেন, সেদিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ।
