IPL-Cricket : ব্যর্থ ডি ককের শতরান , পাঞ্জাবের কাছে হারল মুম্বাই !
কিউ ইন্ডিয়া বাংলা :- ঘরের মাঠে হারের সম্মুখীন হল মুম্বাই ইন্ডিয়ান্স । এই নিয়ে পরপর চারটি ম্যাচে পরাজিত হলো তারা। প্রথমে ব্যাট করে বড় রান তুলেও শেষ পর্যন্ত জয় পেতে ব্যর্থ তারা । মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।
আজ প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স । চোটের কারনে এই ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার রায়ান রিক্লেনটন ও কুইন্টন ডি কক ওপেন করতে নামেন। রিক্লেনটন ৮ বল খেলে মাত্র দুই রান করেন । ৩১ বলে ৫০ রান করেন নমন ধীর। সূর্য কুমার যাদব আজকের ম্যাচে রানের খাতায় খুলতে পারেননি। শেষ পর্যন্ত কুইন্টন ডি কক ৬০ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক হার্দিকের সংগ্রহ ১২ বলে ১৪ রান । তিলক বর্মা নেমে পরপর দুটি বলে বাউন্ডারি মারলেও তৃতীয় বলে তিনি রান আউট হয়ে যান। গত ম্যাচে ভালো খেলা, রাদারফোর্ড এক রান করে আউট হয়ে যান । শেষমেষ ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে মুম্বাই । পাঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন অর্শদীপ সিং ।
১৯৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করে পাঞ্জাব কিংস। এরই মধ্যে ম্যাচের তৃতীয় ওভার শেষ হওয়ার আগে নয় বলে ১৫ রান করে আউট হন প্রিয়াংশ আর্য। অপর ওপেনার প্রভাসিমরন সিং নিজের খেলা চালিয়ে যান। ব্যাট করতে নামেন কুপার কনোলি । তবে তিনি ১২ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। ২৩ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করেন প্রভাসিমরন সিং । অধিনায়ক শ্রেয়স আয়ার ৩৫ বলে ৬৬ রান করেন। ৩৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন প্রভাসিমরন সিং। ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টয়নিস। ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের আল্লাহ গজনফর সর্বাধিক দুই উইকেট নেন।
মূলত বোলিং ব্যর্থতার জন্য ম্যাচ হাতছাড়া হয়েছে, পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের । বুমরা , হার্দিক ও দীপক চাহার কোন উইকেট পাননি। যার ফল ভুগতে হয়েছে দলকে । এই হারের ফলে প্লে অফের অংক জটিল হতে পারে মুম্বাই এর কাছে । তাদের পরের ম্যাচ আগামী ২০ এপ্রিল গুজরাট টাইটানসের বিরুদ্ধে।
