Cristiano Ronaldo : ফুটবলের পর এবার ওয়েব সিরিজ! অভিনয় ও প্রযোজনায় পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফুটবল কেরিয়ারে সব সাফল্য পাওয়ার পর এবার বিনোদন দুনিয়ায় নতুন ইনিংস শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক ফুটবল এজেন্টের জীবন নিয়ে তৈরি নতুন ওয়েব সিরিজ ‘ডে ওয়ানস’-এর কার্যনির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন তিনি, পাশাপাশি বিশেষ অতিথি চরিত্রেও দেখা যাবে পর্তুগিজ কিংবদন্তিকে।
আধুনিক ফুটবল দুনিয়ার আভ্যন্তরীণ কাহিনি নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ। একজন ফুটবলার, এজেন্ট, ট্রান্সফার মার্কেট ও বিভিন্ন ক্লাবের অন্দরমহলের গল্প উঠে আসবে এখানে। সিরিজে এজেন্টের মুখ্য চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ খ্যাত অভিনেতা ডামিয়ান লুইস। রোনাল্ডোর পাশাপাশি বিশেষ চরিত্রে দেখা যাবে ফ্রান্সের প্রাক্তন তারকা থিয়েরি অঁরিকেও।
ইতিমধ্যেই উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম ‘দ্য হাইভ’-এ শুটিং শুরু হয়েছে। এই প্রজেক্ট নিয়ে যথেষ্ট উৎসাহী রোনাল্ডো। আল নাসর তারকা বলেছেন, “এটা আমার জীবনের নতুন এক অধ্যায়। ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নতুন কিছু করার সুযোগ পেয়ে আমি খুব খুশি।”
সিরিজটির সহ-প্রযোজনায় রয়েছে হলিউড পরিচালক ম্যাথু ভনের ইউআর-মার্ভ স্টুডিওস, যারা ‘কিংসম্যান’-এর মতো ছবি প্রযোজনা করেছে। রোনাল্ডো ও অঁরির মতো দুই তারকা থাকায় সিরিজটির সম্প্রচারস্বত্ব পেতে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে রোনাল্ডোকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে দেখা যাবে বলে জল্পনা উঠলেও সেটির এখনও সবুজ সংকেত মেলেনি।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার এই নতুন অভিযান ফুটবলপ্রেমী ও সিরিজপ্রেমী দুই মহলেই বাড়তি আগ্রহ তৈরি করেছে। ফুটবলের মাঠের বাইরে প্রযোজনা ও পর্দায় রোনাল্ডোকে দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্ব।
