আজকের দিনেবাংলার আয়না

Explosion : চট্টায় জিন্স ওয়াশ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ! বয়লার ফেটে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, কারখানা সিল করল পুলিশ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার কালিতলা আশুতি থানার চট্টা মাঝের পুল এলাকায় একটি জিন্স ওয়াশ কারখানায় বয়লার বিস্ফোরণে প্রাণ হারালেন এক শ্রমিক। আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পর নিরাপত্তার কারণে গোটা কারখানাটি সিল করে দিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ কারখানার বয়লার বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন অশোক শহীস (৪০)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলায়।

সহকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিতলা আশুতি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত অশোককে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

দুর্ঘটনার পর কারখানার সব শ্রমিককে বাইরে বের করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে কারখানাটি সিল করে দেয় পুলিশ। কী কারণে বয়লার ফাটল, কারখানায় নিরাপত্তা বিধি মানা হচ্ছিল কিনা এবং কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনায় চট্টা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমেছে। শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *