Amit Shah : “পদ নয়, বিজেপির কাছে শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ” — ধর্মেন্দ্রর ইস্তফার পর বড় বার্তা অমিত শাহের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- NEET প্রশ্নফাঁস ও আরশোলাদের আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার ইস্তফার পরই মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি বলেন, বিজেপির কাছে যেকোনও পদের চেয়ে দেশ ও শিক্ষার্থীরাই বেশি গুরুত্বপূর্ণ। ধর্মেন্দ্রর পদত্যাগ সেই নীতিকেই তুলে ধরেছে।
অমিত শাহ লিখেছেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশের তরুণদের উদ্বেগের বিষয়গুলিকে গুরুত্ব দেয়। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর সংস্কার প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, সরকারের গৃহীত পদক্ষেপগুলি NEET-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে। একই সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের কার্যকালের প্রশংসা করে শাহ জানান, জাতীয় শিক্ষানীতি কার্যকর করা, আঞ্চলিক ভাষায় পরীক্ষা, ‘PM SHRI’ স্কুল শক্তিশালী করা, ডিজিটাল শিক্ষার প্রসার এবং শিল্প-শিক্ষা সহযোগিতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ সংস্কার তার আমলেই হয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালে ধর্মেন্দ্র প্রধানমন্ত্রীকে ইস্তফাপত্র পাঠান। সমাজমাধ্যমে তিনি লেখেন, “দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ, উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। NEET প্রশ্নফাঁসের দায় প্রথম দিন থেকেই নিয়েছি। ছাত্র আন্দোলনের নামে দেশবিরোধী শক্তি যাতে সুযোগ না পায়, তাই আমার এই পদত্যাগ।” ইস্তফার খবর ছড়াতেই যন্তর মন্তরে উৎসব করেন পড়ুয়ারা।
শিক্ষামন্ত্রীর ইস্তফার পর বিজেপির তরফে বার্তা স্পষ্ট — দল ছাত্রদের পাশে আছে। পদত্যাগকে “নৈতিক দায়িত্ব” হিসেবে তুলে ধরে শাহ সরকারের সংস্কারমুখী অবস্থানকেও সামনে আনলেন। তবে NEP বাস্তবায়ন ও NEET সংস্কারের চ্যালেঞ্জ এখন নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর কাঁধে।
