আজকের দিনেভারতরাজনীতি

Central Government : ধর্মেন্দ্রর ইস্তফা নিয়ে অনড় ‘ককরোচ’রা, বাকি দাবি মানল কেন্দ্র !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- নিট প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল রাজনীতি। দিল্লির ভিপি হাউসে বৃহস্পতিবার প্রায় ২ ঘণ্টা ধরে ‘ককরোচ জনতা পার্টি’র সঙ্গে বৈঠক করল কেন্দ্র। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়া বাকি সব দাবিতে নমনীয়তা দেখালেও, ইস্তফার প্রশ্নে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে — কোনও আপস নয়। অপরদিকে আন্দোলনকারীরাও নিজেদের অবস্থানে অনড়।

সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডা ‘ককরোচ’দের দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যতের রূপরেখা বিস্তারিত জানিয়েছেন।

সরকার পক্ষ জানিয়েছে, প্রশ্নফাঁস রুখতে কড়া আইনে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র মিলেছে। এবার সংসদে পাশ হলেই তা কার্যকর হবে। পাশাপাশি নিট প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ, এবং বিক্ষোভরত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আশ্বাসও দিয়েছে মোদি সরকার।

কিন্তু সব আলোচনা আটকে গেছে একটাই জায়গায় — ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কেন্দ্রের তরফে স্পষ্ট বার্তা, অন্য দাবি মানা হলেও মন্ত্রীর ইস্তফা নিয়ে কোনও নমনীয়তা দেখানো হবে না। ‘করোচ’দের তরফেও একই কথা — প্রধান ইস্তফা না দিলে আন্দোলন আরও তীব্র হবে।

বৈঠকের পর আশুতোষ রাঙ্কা বলেন, “কেন্দ্র আমাদের দুটি দাবির সঙ্গে নৈতিকভাবে সহমত। কিন্তু ইস্তফার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় চেয়েছে।” জেপি নাড্ডাও একই ইঙ্গিত দিয়েছেন। ফলে শনিবারের মধ্যে ধর্মেন্দ্র প্রধান মন্ত্রিসভায় থাকবেন কিনা, তা-ই এখন ঠিক করবে অচলাবস্থার ভবিষ্যৎ।

এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এত জোর দেওয়ার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি আছে কি? নাকি এর পিছনে রয়েছে বিদেশি শক্তির হাত? সরকারি সূত্র অবশ্য এই ধরনের জল্পনাকে এখনও উড়িয়ে দেয়নি।

সরকার ছাত্রদের স্বার্থে আর্থিক ও আইনি পদক্ষেপে রাজি হলেও, মন্ত্রীর ইস্তফা ইস্যুতে অনড়। ‘করোচ’রাও পিছু হটতে নারাজ। তাই ২ ঘণ্টার বৈঠকের পরও অচলাবস্থা কাটার কোনও লক্ষণ নেই। এখন সবার নজর শনিবারের সিদ্ধান্তের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *