আজকের দিনেবাংলার আয়না

FAKE CBI : সিবিআই সেজে ১৭ লক্ষ টাকা দাবি! হাবড়া থেকে গ্রেফতার ভুয়ো CBI অফিসার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হাবড়া:- কেন্দ্রীয় সংস্থার নাম ভাঙিয়ে তোলাবাজি। সিবিআই অফিসার সেজে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের কাছে ১৭ লক্ষ টাকা দাবির অভিযোগ। ঘটনায় হাবড়া থেকে গ্রেফতার এক ভুয়ো অফিসার।

অভিযোগ অনুযায়ী, গত মাসের ২৯ তারিখ হুগলির চুঁচুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে হঠাৎ হাজির হয় এক ব্যক্তি। নিজেকে সিবিআই-এর বড় অফিসার বলে পরিচয় দেয় সে। এরপর কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ভয় দেখিয়ে ১৭ লক্ষ টাকা দাবি করে।

বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রাক্তন বিধায়ক। অভিযোগ পেতেই তৎপর হয় পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্তের গতিবিধি এবং তার আসল ঠিকানা উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকায়।

তথ্য হাতে আসার পর আর দেরি করেনি পুলিশ। চুঁচুড়া থানা ও হাবড়া থানার যৌথ উদ্যোগে একটি বিশেষ দল গঠন করা হয়। সেই দল হাবড়া স্টেশন চত্বরে ফাঁদ পেতে হাতেনাতে গ্রেফতার করে অভিযুক্তকে। গ্রেফতারের পর তাকে নিজেদের হেফাজতে নিয়ে চুঁচুড়ার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ধৃতের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ২০১৪ সালে হাবড়া থানায় মাদক পাচার মামলায় এবং ২০২১ সালে ফের একই অভিযোগে গ্রেফতার হয়েছিল সে। এবার নতুন ছক কষে সে নিজেকে সিবিআই অফিসার এবং এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় হুমকি ও ব্ল্যাকমেইল শুরু করেছিল।

এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং এর আগে সে এভাবে আর কতজনের কাছ থেকে টাকা হাতিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *