WEATHER : মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি কলকাতায়, উত্তরে ভারী দুর্যোগের আশঙ্কা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে (WEATHER)। তার জেরে রবিবার সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবারও একইরকম থাকবে। তবে উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
কলকাতায় সোমবার কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, সারাদিন আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত। রবিবার সর্বোচ্চ ২৯.২° এবং সর্বনিম্ন ২৭.৬° ছিল। আর্দ্রতা ৯০% এর বেশি থাকায় অস্বস্তি বাড়বে (WEATHER)।
দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কবে?
সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, বাকি জেলায় হালকা থেকে মাঝারি। মৌসুমি অক্ষরেখা রাঁচি-দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। মঙ্গলবার দুই ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা
সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে প্লাবনের আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের সতর্কতাও জারি। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে।
আপাতত ছাতা হাতে রাখুন। দক্ষিণে মাঝারি বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে বাড়বে। আর উত্তরে আজই সতর্ক থাকতে বলছে আবহাওয়া দপ্তর। নদী উপকূল ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের বিশেষ সাবধানতা জরুরি।
