FIFA Worldcup 30 : টিম ইন্ডিয়ার ভাগ্যের চাকা ঘুরবে? ২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল খেলার প্রস্তাব ফিফা সভাপতির !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ২০৩০ সালের বিশ্বকাপ নিয়ে বড় ঘোষণা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তিনি জানালেন, ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব ফিফার কমিটিতে আলোচনা করা হবে।
সুইস সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ৪৮ দলের ফরম্যাট “১০০% সফল”। তবে তাঁর লক্ষ্য বিশ্বকাপকে আরও বেশি দেশের জন্য উন্মুক্ত করা।
তাঁর কথায়, “বিশ্বকাপ শুধু ইউরোপ ও দক্ষিণ আমেরিকার জন্য নয়, গোটা বিশ্বের জন্য। বিশ্বের প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার অধিকার থাকা উচিত। ছোট দেশগুলোকে সুযোগ না দিলে তারা উন্নতির অনুপ্রেরণা পাবে না।”
এবারের সেমিফাইনালে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা উঠলেও ইনফান্তিনোর যুক্তি, বিশ্বের বিভিন্ন প্রান্তের দলের মান ক্রমাগত উন্নত হচ্ছে।
যদি ৬৪ দলের প্রস্তাব পাস হয়, তাহলে ২০৩০ বিশ্বকাপের ফরম্যাটে বড় বদল আসবে। ১৬টি গ্রুপে ৪টি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সরাসরি রাউন্ড অফ ৩২-তে যাবে। ফলে থার্ড পজিশনের জটিল হিসাব থাকবে না। ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১২৮।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষ উদযাপনে উদ্বোধনী ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
তবে এই সম্প্রসারণ নিয়ে বিতর্কও তৈরি হতে পারে। ম্যাচ বাড়লে ফুটবলারদের শারীরিক চাপ, সূচি ও ক্লাব ফুটবলের ক্যালেন্ডার নিয়ে উয়েফা এবং ঘরোয়া লিগগুলি আপত্তি তুলতে পারে।
ফিফা সভাপতির এই প্রস্তাব বাস্তবায়িত হলে টিম ইন্ডিয়ার মতো দেশগুলির বিশ্বকাপ খেলার সুযোগ অনেকটাই বাড়বে। ২০৩০-এর আগে কমিটির চূড়ান্ত সিদ্ধান্তই ঠিক করবে ফুটবল বিশ্বকাপের ভবিষ্যৎ রূপ।
