কলকাতা পুলিশে দুই থানায় মহিলা ওসি, একযোগে ৩৩ জন ইন্সপেক্টর বদলি
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই পুলিশ ও প্রশাসনে বড়সড় রদবদল অব্যাহত। এবার একযোগে কলকাতা পুলিশের ৩৩ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করল লালবাজার। বৃহস্পতিবার জারি করা এই নির্দেশিকায় শহরের প্রায় ২০টি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (ওসি) ও অতিরিক্ত ওসি (অ্যাডিশনাল ওসি)-দের রদবদল করা হয়েছে।
এই বদলির তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, দীর্ঘ বহু বছর পর এই প্রথম কলকাতার দুটি সাধারণ (জেনারেল) থানার ওসির দায়িত্ব পেলেন মহিলা ইন্সপেক্টররা।
দুই থানার দায়িত্বে দুই মহিলা ওসি
লালবাজারের নতুন তালিকা অনুযায়ী, উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ সিঁথি থানার ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন চামেলি মুখোপাধ্যায়। তিনি এর আগে উল্টোডাঙ্গা মহিলা থানার ওসির দায়িত্বে ছিলেন। এমনকি ভোটের আগে কিছুদিনের জন্য তিনি কালীঘাট থানার ওসির দায়িত্বও সামলেছেন। অন্যদিকে, টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিং-কে বদলি করে সরশুনা থানার নতুন ওসি করা হয়েছে।
শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ থানার রদবদল
মহিলা আধিকারিকদের পাশাপাশি কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ থানার ওসিতেও পরিবর্তন আনা হয়েছে:
-
ভবানীপুর থানা: দক্ষিণ কলকাতার এই হাই-প্রোফাইল থানার নতুন ওসি হয়েছেন রাজীব চট্টোপাধ্যায়। ভবানীপুর থানার বিদায়ী ইন্সপেক্টর সৌমিত্র বসুকে পাঠানো হয়েছে এসটিএফ (STF)-এ।
-
পার্ক স্ট্রিট থানা: এই থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন অমিত চট্টোপাধ্যায়।
-
চেতলা থানা: চেতলা থানার নতুন ওসি নিযুক্ত হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়।
-
ভাঙড় থানা: ভাঙড় থানার নতুন ওসি করা হয়েছে গৌতম রুজ-কে।
দু’মাসের শুভেন্দু সরকারে প্রশাসনে বড় রদবদল
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর কলকাতা পুলিশে এটি দ্বিতীয় বড় রদবদল। চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়। পাশাপাশি, কলকাতার এসটিএফের ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার করা হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগেই নবান্নের নির্দেশিকায় রাজ্যের ১০৮ জন আইসি-কে এক ধাক্কায় বদলি করা হয়েছিল।
আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে: মুখ্যমন্ত্রী রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, “এ রাজ্যে শাসকের আইন নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।” রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, নতুন শুভেন্দু সরকারের দু’মাসের মাথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও মজবুত এবং নিরপেক্ষ করতে এই ধারাবাহিক ও ব্যাপক রদবদলের পদক্ষেপ নেওয়া হচ্ছে। একযোগে এতগুলি থানার শীর্ষ আধিকারিকদের বদলি সেই প্রক্রেরই অংশ।
