আজকের দিনেবাংলার আয়না

মোথাবাড়িতে এসআইআর কাণ্ডে এবার কংগ্রেস যোগ! এনআইএ-র হাতে গ্রেপ্তার ২ কংগ্রেস নেতা

ভালোবাসা ছড়িয়ে দাও

 কিউ ইন্ডিয়া বাংলা,মালদহ: মোথাবাড়িতে এসআইআর-এর কাজে যাওয়া বিচারকদের আটকে রেখে অশান্তির ঘটনায় এবার সরাসরি উঠে এল কংগ্রেসের নাম। এই ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে গ্রেপ্তার হলেন ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র মালদহ জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেন। রবিবার ফরাক্কার টাউনশিপে এনআইএ-র ক্যাম্পে রাতভর জেরার পর, সোমবার সকালে তাঁদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। আজই ধৃতদের আদালতে পেশ করা হবে।

কংগ্রেস প্রার্থীর ফোন বাজেয়াপ্ত, নিশানায় তৃণমূল রবিবার বিকেল থেকে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা জেরা করার পর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম ওরফে বাবু চৌধুরীকে গভীর রাতে বাড়ি যাওয়ার অনুমতি দেন এনআইএ আধিকারিকরা। তবে তদন্তের স্বার্থে কংগ্রেস প্রার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর কললিস্ট এবং মেসেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরবর্তীতে তাঁকে ফের তলব করা হতে পারে বলে এনআইএ সূত্রে খবর। এদিকে, সোমবার সকালে এনআইএ অফিস থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন সায়েম চৌধুরী। তাঁর বিস্ফোরক অভিযোগ, বিজেপি নয়, মোথাবাড়ি কাণ্ডে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে খোদ শাসক দল তৃণমূল কংগ্রেস।

রবিবার রাতের ঘটনাক্রম গত ১ এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভিতরে বিচারকদের আটকে রাখার ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে নেমে রবিবার বিকেলে আলিনগর এলাকা থেকে কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী এবং তাঁর দুই সঙ্গী আসিফ শেখ ও শাহাদাত হোসেনকে আটক করে ফরাক্কার এনআইএ অফিসে নিয়ে যান তদন্তকারীরা। সেখানে তিনজনকে আলাদাভাবে রাত প্রায় আড়াইটা পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর প্রার্থী সায়েম চৌধুরীকে ছেড়ে দেওয়া হলেও বাকি দু’জনকে গ্রেপ্তার করে এনআইএ।

এখনও পর্যন্ত ধৃত প্রায় ৫০ মোথাবাড়ির এই ঘটনায় রবিবারই এলাকার এক স্থানীয় আইএসএফ কর্মী গোলাম রাব্বানিকে গ্রেপ্তার করেছিল এনআইএ। মোথাবাড়ির প্রতাপপুর গ্রামের বাসিন্দা রাব্বানিই এই ঘটনায় এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়া প্রথম অভিযুক্ত। এর আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি কাদেরি। পরবর্তীতে ঘটনার অন্যতম মূল পান্ডা তথা মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে রাজ্যের সিআইডি। সব মিলিয়ে মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে এনআইএ-র হাতে প্রথম দফায় গ্রেপ্তার হলেন মোট ৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *