আজকের দিনেতিলোত্তমা

Kolkata Metro: মেট্রো স্টেশনে ধূমপান থেকে অশালীন আচরণে কড়া নিয়ম কলকাতায় মেট্রোয়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- এবার কলকাতা মেট্রোয় কড়া নিয়ম। মেট্রো স্টেশনে ধূমপান ও অশালীন আচরণ অথবা অঅনুমোদিত এলাকায় এলাকায় প্রবেশ ও নানা নিয়মভঙ্গ করলেই এবার কড়া শাস্তির মুখে পড়তে হবে। এবার মেট্রোতে কার্যকর হতে চলেছে ‘জন বিশ্বাস আইন, ২০২৬’। নতুন আইনের আওতায় বিভিন্ন অপরাধের ক্ষেত্রে জরিমানা টাকার মূল্য বাড়ানো হয়েছে। সেইসঙ্গে কারাদণ্ডের নিয়ম আনা হচ্ছে। ইতিমধ্যেই যাত্রীদের সচেতন করতে প্রতিটি স্টেশনে নতুন নিয়মের বিজ্ঞপ্তি লাগানোর কাজ শুরু করেছে কলকাতা মেট্রো। নতুন নিয়মে বিনা টিকিটে ধরা পড়লে সেখানে আগে ২৫০ টাকা দিতে হত, এবার পাঁচশো টাকা জরিমানা দিতে হবে। শুধু টিকিট ছাড়া যাত্রায় নয়, কম দূরত্বের টিকিট কেটে বেশি দূর ভ্রমণ করলে একই নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়া অনেক সময় দেখা যায়, একজন যাত্রী গেট পার হওয়ার সময় তাঁর সঙ্গে আরেকজনও একই গেট দিয়ে বেরিয়ে যান। সেই ব্যক্তিকেও বিনা টিকিটের যাত্রী হিসেবে ধরা হবে এবং জরিমানা করা হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোর কোচ, কামরা এবং ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই নিয়ম ভাঙলে তাঁকে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। প্রয়োজন হলে তাঁর টিকিট বা পাসও বাজেয়াপ্ত করা হতে পারে। যদি জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে তাঁকে আদালতে পেশ করা হবে। সেক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড, অথবা উভয় শাস্তির ব্যবস্থা রয়েছে।

এছাড়াও মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অসভ্য আচরণ বা যাত্রীদের অসুবিধায় ফেললে আড়াইশো টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীর টিকিও বাতিল করা হবে। তবে এই আইন শুধু যাত্রীদের ক্ষেত্রে নয় মেট্রো কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। ডিউটির সময় কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা তার বিরুদ্ধে একবছর পর্যন্ত কারাদণ্ড, জরিমান অথবা উভয় শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা অন্য কোনও নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় শাস্তি হতে পারে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আবেদন সকল যাত্রী যেন এই নিয়ম মেনে চলেন। ইতিমধ্যেই এই নয়া আইন কার্যকর করার আগে থেকেই যাত্রীদের সচেতন করার কাজ শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *