আজকের দিনেখেলাবিশ্ব

World Cup 2026 : মারাদোনার আজতেকায় মহাকাব্যিক প্রত্যাবর্তন, উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মেক্সিকো :- ১৯৮৬-তে মারাদোনার বিশ্বজয়ের সাক্ষী যে আজতেকা, সেই মাঠেই ২০২৬ বিশ্বকাপের বোধন হল মেক্সিকোর দাপটে। ১৬ বছর আগের আটকে যাওয়ার জ্বালা জুড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের জমকালো সূচনা করলেন আগুইরিওর ছেলেরা।

সাল ১৯৮৬। ১ লক্ষ ১৪ হাজারের বেশি দর্শকের সামনে পশ্চিম জার্মানিকে হারিয়ে এই আজতেকাতেই বিশ্বকাপ তুলেছিলেন ডিয়েগো মারাদোনা। বৃহস্পতিবার সেই ঐতিহাসিক মাঠেই শুরু হল ২০২৬ বিশ্বকাপের মহাযুদ্ধ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যাদের কাছে ২০১০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-১ ড্র করেছিল মেক্সিকো। এবার ঘরের মাঠে হিসেব চুকিয়ে দিল হোম ফেভারিটরা।

ম্যাচের ৯ মিনিটেই আগুন জ্বালান জুলিয়ান কিনিওনেস। দক্ষিণ আফ্রিকা গোলকিপার রনওয়েন উইলিয়ামসের ভুল পাস কেড়ে নেন এরিক লিরা। পাস বাড়ান কিনিওনেসকে। ঠান্ডা মাথায় পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জয়ী এই উইঙ্গার। এবছর রোনাল্ডো, টোনিদের টপকে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। প্রথমার্ধেই ২-০ হতে পারত। কিন্তু কিনিওনেসের আরেকটি বুলেট গতির শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। রবার্তো আলভারাডোর নিখুঁত ক্রসে দুরন্ত হেডে ২-০ করেন রাউল জিমেনেজ। বছর পাঁচেক আগে ক্লাবের ম্যাচে ভয়ানক স্কাল ফ্র্যাকচার হয়েছিল রাউলের। ডাক্তাররা আশাই ছেড়ে দিয়েছিলেন। মাথায় ব্যান্ড পরেই খেলেন এখন। সেই হেডেই এল বিশ্বকাপের গোল। মৃত্যুকে হারিয়ে ফেরার মিরাকল লিখলেন রাউল। গোটা আজতেকা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাল তাঁকে।

গোটা ম্যাচে দাপট দেখাল মেক্সিকো। বল পজেশন, আক্রমণ, সুযোগ তৈরিতে ধারেকাছে ছিল না দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে লক্ষাধিক দর্শকের গর্জনে ভর করে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট তুলে নিল আগুইরিওর দল।

মারাদোনার মাঠে ১৬ বছর আগের হিসেব বুঝে নিল মেক্সিকো। কিনিওনেসের গতি আর জিমেনেজের আবেগে ভর করে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল জয় দিয়েই। আজতেকার গ্যালারি থেকে উঠে আসা ‘মেক্সিকো, মেক্সিকো’ চিৎকারই বলে দিচ্ছিল, বিশ্বযুদ্ধের জন্য তৈরি হোম টিম। প্রথম ম্যাচেই বার্তা দিয়ে রাখল, এবার ঘরের বিশ্বকাপে লম্বা দৌড় দিতে চায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *