আজকের দিনেখেলা

MOHUN BAGAN : ষষ্ঠীতে মিগুয়েল ম্যাজিকে দিল্লিবধ, পিছিয়ে পড়েও আইএসএলে জয়ের বোধন মোহনবাগানের

কিউ ইন্ডিয়া বাংলা,স্পোর্টস ডেস্ক:- আইএসএলে জয়ের বোধন করল মোহনবাগান (MOHUN BAGAN)। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দিল্লি এফসিকে ২-১ গোলে হারাল সবুজ-মেরুন। পিছিয়ে পড়েও মাত্র ১০ মিনিটের ঝড়ে ম্যাচ ঘোরালেন মিগুয়েল ফিগুয়েরা।

দিল্লিতে শুরুটা ভালো ছিল না মোহনবাগানের (MOHUN BAGAN)। ঘরের মাঠে দিল্লির তরুণ ব্রিগেড দুই প্রান্ত দিয়ে আক্রমণে চাপ বাড়ায়। ২৩ মিনিটে মনোজ মহম্মদের ভাসানো বলে আলবার্তোকে টপকে গোল করেন নামতেরা। বিশাল কাইথকে কাটিয়ে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে মিগুয়েল, ডেজন ড্রাজিচকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায়। ৫২ মিনিটে আইমেনকে আটকে দলকে বাঁচান বিশাল। এরপরই শুরু হয় মিগুয়েল ম্যাজিক (MOHUN BAGAN)। ৫৫ মিনিটে বাঁ দিকের উইংয়ে তিনজনকে কাটিয়ে দুরন্ত পাস বাড়ান মিগুয়েল। সেখান থেকে থাপার মাইনাসে ফাঁকা গোলে সমতা ফেরান লি আরউইন। ৫৯ মিনিটে জয়সূচক গোলটি করেন মিগুয়েল নিজেই। আপুইয়ার পাস থেকে মোহনবাগান জার্সিতে বহু প্রতীক্ষিত প্রথম গোল পেলেন তিনি।

এরপর আরও বড় ব্যবধানে জিততে পারত মোহনবাগান। সমির জেলকোভিচ ও লিস্টন কোলাসো সহজ সুযোগ নষ্ট করেন। মনবীর সিংয়ের শট বারে লেগে ফেরে। ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন মিগুয়েল।

দিল্লিবধ করে দেবীপক্ষে সমর্থকদের মুখে হাসি ফোটালেন ‘টুবলু’ মিগুয়েল। আইএসএলে প্রথম জয় এলেও কোচ প্যানোসের চিন্তা থেকেই যাচ্ছে। দলের গতি, ফিটনেস ও বোঝাপড়ার অভাব নিয়ে এখনও কাজ বাকি সবুজ-মেরুন শিবিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *