আজকের দিনেবাংলার আয়না

Darjeeling-Gangasagar-Highway : উত্তরের সঙ্গে জুড়বে দক্ষিণবঙ্গ, দার্জিলিং-গঙ্গাসাগর মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- রাজ্যের সড়ক যোগাযোগে বড় বদলের পথে বিজেপি সরকার। বৃহস্পতিবার নবান্নে পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ঘোষণা করলেন দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৭৭০ কিলোমিটার মেগা হাইওয়ের। একইসঙ্গে জানালেন, পূর্তদপ্তর চলবে ‘জিরো টলারেন্স ইন করাপশন’ নীতিতে।

পূর্তমন্ত্রী অজয় পোদ্দার বলেন, “দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৭৭০ কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্তদপ্তর। এই রাস্তার কিছুটা অংশ বিহারের উপর দিয়ে যাবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিরাট প্রকল্প বাস্তবায়িত হবে।” উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি সংযোগ তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

বর্ষায় রাস্তার কাজ নিয়ে মন্ত্রী জানান, “১৫ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পিচ রাস্তার কাজ করতে কিছুটা সমস্যা হয়। প্রথমে খানাখন্দ মেরামতের কাজ করব। অক্টোবর থেকে রাজ্যের ৯০টি নতুন রাস্তার কাজ শুরু হবে। ডবল ইঞ্জিন সরকার হওয়ায় বাংলায় কোনও টাকার অভাব হবে না।”

পূর্বতন তৃণমূল সরকারের ‘পথশ্রী’ প্রকল্পে তৈরি বহু রাস্তা কয়েকদিনের মধ্যেই বেহাল হওয়ার অভিযোগ উঠেছিল। টেন্ডার নিয়েও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে আসে। সেই প্রসঙ্গ টেনে পূর্তমন্ত্রী বলেন, “বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। এবার থেকে পূর্তদপ্তরও ‘জিরো টলারেন্স ইন করাপশন’ নীতিতেই চলবে।”

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মন্ত্রীরা রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়নের রূপরেখা তৈরি করছেন। সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল বদল তারই অংশ।

দার্জিলিং-গঙ্গাসাগর হাইওয়ে বাস্তবায়িত হলে পাহাড় থেকে সাগর পর্যন্ত সরাসরি সড়কপথে যুক্ত হবে বাংলা। পর্যটন, ব্যবসা এবং দৈনন্দিন যাতায়াতে নতুন গতি আসবে। দুর্নীতিমুক্ত পূর্তদপ্তর গড়ার বার্তা দিয়ে কাজ শুরুর অপেক্ষায় রাজ্য সরকার। অক্টোবর থেকেই নতুন রাস্তার কাজ শুরু হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *