অন্নপূর্ণার টাকা পাননি? সুযোগ পাবেন আরও একবার
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই ১ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। কিন্তু আপনার অ্যাকাউন্টে কি এখনও ৩,০০০ টাকা জমা পড়েনি? ফর্ম পূরণের সময় কোনও ভুল হয়ে যায়নি তো? তবে আর চিন্তা নেই, উপভোক্তাদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। এবার অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে থাকা ভুল সংশোধন বা ‘ফর্ম এডিট’ করার বড় সুযোগ দেওয়া হচ্ছে। নাম, আধার নম্বর, রেশন কার্ড বা ব্যাঙ্কের তথ্যে কোনও ভুল থাকলে তা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে ঠিক করা যাবে।
টাকা না ঢোকার অন্যতম প্রধান কারণ
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত মাসে অনেক উপভোক্তা টাকা পেলেও, চলতি মাসে অনেকের অ্যাকাউন্টে অনুদান ঢোকেনি। তদন্তে দেখা গিয়েছে, বহু মহিলা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের স্বামী বা অন্য কোনও পুরুষ আত্মীয়ের নাম রয়েছে। কিন্তু প্রকল্পের নিয়ম অনুযায়ী, আবেদনকারীর নিজের নামে সিঙ্গল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। সেই কারণে এই অ্যাকাউন্টগুলিতে টাকা পাঠানো সম্ভব হয়নি। এমন মহিলাদের নতুন করে অ্যাকাউন্ট খুলে আবার আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
কীভাবে করবেন ফর্ম এডিট বা ভুল সংশোধন?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, আবেদনপত্রে ভুল সংশোধনের পদ্ধতিটি নিচে দেওয়া হলো:
১. প্রথমে অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে।
২. আবেদনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছিল, সেটি দিয়ে ওটিপি যাচাইয়ের মাধ্যমে লগ-ইন করতে হবে।
৩. লগ-ইন সম্পূর্ণ হলে স্ক্রিনে আবেদনের বর্তমান স্টেটাস দেখা যাবে।
৪. যদি নাম, আধার নম্বর, রেশন কার্ড বা ব্যাঙ্কের বিবরণে কোনও ভুল থাকে, তবে তা এডিট করে সঠিক তথ্য বসাতে হবে এবং প্রয়োজনীয় নতুন নথি আপলোড করতে হবে।
৫. সবশেষে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই সংশোধিত আবেদনটি জমা পড়ে যাবে।
বাড়ি বাড়ি গিয়েও হবে যাচাই
রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, সামান্য ভুলের কারণে যাতে কোনও যোগ্য আবেদনকারী এই সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাঁদের ফর্মে ছোটখাটো ত্রুটি রয়েছে, তাঁদের আবেদন বাতিল না করে পুনরায় যাচাই করা হবে। প্রয়োজনে প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়েও আবেদনকারীদের তথ্য ও নথি মিলিয়ে দেখবেন।
কাদের আবেদন বাতিল হতে পারে বা কারা এই সুবিধা পাবেন না?
সরকার জানিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের ওপর চালানো একটি সমীক্ষায় মৃত, অন্যত্র চলে যাওয়া বা একাধিক অ্যাকাউন্টে টাকা পাওয়া সহ প্রায় ২৭ লক্ষ উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে। এছাড়া নিম্নোক্ত ব্যক্তিরা এই সুবিধা পাবেন না:
-
আবেদনকারী ভারতীয় নাগরিক না হলে।
-
আধার কার্ড বা ভোটার কার্ডের তথ্য সম্পূর্ণ ভুল থাকলে।
-
পরিবারে কেউ আয়কর দাতা হলে।
-
আবেদনকারী কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা বা কোনও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করলে কিংবা পেনশনভোগী হলে।
আবেদনের শেষ সময়সীমা
আগামী ১০ জুলাইয়ের মধ্যে সমস্ত আবেদন যাচাইয়ের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার। এর পর ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। মন্ত্রী জানিয়েছেন, নথি সংশোধন প্রক্রিয়ার জন্য কিছুটা সময় লাগতে পারে, তাই আবেদনকারীদের ধৈর্য ধরতে হবে। পাশাপাশি, যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্য আগামী আগস্ট মাস পর্যন্ত নতুন করে আবেদনের সুযোগ খোলা থাকছে।
