IPL-Cricket : অভিষেকের ব্যাটিং তাণ্ডবে দিল্লির বিপক্ষে জয় হায়দ্রাবাদের !
কিউ ইন্ডিয়া বাংলা :- ব্যাটিংয়ে অভিষেক শর্মার ধ্বংসলীলা, তাতেই কুপোকাত দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে বড় ব্যবধানে দিল্লিকে হারিয়ে টানা তিনটি ম্যাচে জয় পেল ঈশান কিষানের দল। ৪৭ রানের ব্যবধানে দিল্লি বিজয় হায়দ্রাবাদের।
আজ টসে জিতে বিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লি। হায়দ্রাবাদের ওপেনাররা আজকে তাদের চেনা ছন্দে ব্যাট করেন। প্রথম নয় ওভারে উঠে যায় ৯৭ রান। ২৬ বলে ৩৭ রান করে আউট হন ট্রেভিস হেড । অপর ওপেনার অভিষেক শর্মা ৪৭ বলে সেঞ্চুরি সম্পন্ন করেন । দিল্লির বোলাররা কোন ছন্দ খুঁজে পাচ্ছিলেন না । হায়দ্রাবাদের ব্যাটিং তাণ্ডবে তারা কার্যত দিশাহারা হয়ে যান । এরই মধ্যে হায়দ্রাবাদ অধিনায়ক ঈশান কিষান ১৩ বলে ২৫ রানের মাথায় রান আউট হন । অভিষেক শর্মা অপরাজিত থাকেন ৬৮ বলে ১৩৫ রান করে। হেনরিক ক্লাসেন ১৩ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন । শেষমেষ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২ রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ । দিল্লির বোলারদের মধ্যে একটি উইকেট পান অধিনায়ক অক্ষর প্যাটেল।
২৪৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ম্যাচের তৃতীয় ওভারের শুরুতে উইকেট হারায় দিল্লি । পাথুম নিসানকা মাত্র আট রান করে আউট হয়ে যান । অপর ওপেনার কে এল রাহুল ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন । এবারের আইপিএলে প্রথম অর্ধশতরনের দেখা পান দিল্লির ঘরের ছেলে নীতিশ রানা। ৩০ টি বল খেলে তিনি ৫৭ রান করেন । সমীর রিজভির সংগ্রহ ২৮ বলে ৪১ । এই ধরনের পরিস্থিতিতে যিনি দলের ত্রাতা হয়ে ওঠেন সেই ডেভিড মিলার আজকে প্রথম বলেই আউট হয়ে ফিরে যান । শেষমেষ নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে দিল্লি । ৪৭ রানের ব্যবধানে ম্যাচ হারে তারা । হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ চার উইকেট তুলে নেন ইষাণ মালিঙ্গা । তিনটি উইকেট নেন হর্ষ দুবে ।
এ দিনের ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের পরের ম্যাচ আগামী ২৫শে এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
