FIFA Worldcup 26 : লাস্ট ডান্সেও অধরা বিশ্বকাপ, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিদায় রোনাল্ডোর !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আর হল না। শেষ বিশ্বকাপেও স্বপ্ন অধরাই থেকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। FIFA World Cup 2026-এর শেষ ১৬-র হাইভোল্টেজ আইবেরিয়ান ডার্বিতে স্পেনের কাছে ১-০ গোলে হারল পর্তুগাল। ম্যাচ শেষে কান্না ধরে রাখতে পারলেন না সিআর সেভেন। চোখের জল নিয়েই বিশ্বকাপকে চিরবিদায় জানালেন ফুটবলের এই মহাতারকা।
বিশ্বের সর্বোচ্চ গোলদাতা, ৫টা ব্যালন ডি’অর, ইউরো, উয়েফা, ক্লাব বিশ্বকাপ-সহ অজস্র ট্রফি রয়েছে রোনাল্ডোর ঝুলিতে। তবুও ‘সর্বকালের সেরা’র তকমাটা অপূর্ণ ছিল একটা কারণেই – বিশ্বকাপ। লাস্ট ডান্সে সেই অপূর্ণতা পূরণের স্বপ্ন দেখছিল গোটা বিশ্ব।
ম্যাচে মুখোমুখি দুই প্রজন্ম। একদিকে ৪১ বছরের অভিজ্ঞ রোনাল্ডো, অন্যদিকে স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। শুরু থেকেই আক্রমণ-পালটা আক্রমণ। দিয়েগো কোস্তা ও উনাই সিমন দুই গোলকিপারই একের পর এক গোল বাঁচিয়ে দেন। রোনাল্ডোর সব চেষ্টা ব্যর্থ করে প্রথমার্ধ শেষ হয় ০-০ তে।
দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমে। দুই দলই রক্ষণ সামলে খেলছিল। মনে হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু ইনজুরি টাইমেই সব শেষ। পরিবর্ত হিসেবে নামা মিকেল মেরিনোকে বল বাড়ান মিকেল ওয়ারজাবাল। ‘ক্লাচ’ প্লেয়ার মেরিনো ভুল করেননি। তাঁর একমাত্র গোলেই ভেঙে যায় পর্তুগালের স্বপ্ন।
গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রুনো ফার্নান্ডেজরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাটিতে বসে পড়েন রোনাল্ডো। ২০০৬ থেকে ২০২৬ – ৫টা বিশ্বকাপ খেলে অবশেষে শূন্য হাতেই বিদায় নিতে হল তাঁকে।
মাঠের শত্রু স্পেনই এবার পর্তুগালের স্বপ্নভঙ্গের কারণ। কেরিয়ারের সায়াহ্নে এসে এটাই হয়তো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ ম্যাচ।
মেসির হাতে বিশ্বকাপ দেখার পর এবার বিশ্ব চেয়েছিল রোনাল্ডোর হাতেও কাপ দেখতে। কিন্তু বাস্তব সবসময় কল্পনার মতো হয় না। একটা বিশ্বকাপ অধরাই থেকে গেল সিআর সেভেনের কেরিয়ারে। তবুও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে তিনি চিরকালের চ্যাম্পিয়ন হয়েই থাকবেন।
