আজকের দিনেবাংলার আয়না

Baruipur-Death : ফুটবল ম্যাচ জেতার ‘মাশুল’! বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তরুণকে খুন, রণক্ষেত্র বারুইপুর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বারুইপুর :- ফুটবল ম্যাচ জেতার খেসারত দিতে হল প্রাণ দিয়ে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল ১৭ বছরের তরুণ প্রসেনজিৎ বিশ্বাসকে। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ভাঙচুর চালানো হয় হাসপাতালের পুলিশ ক্যাম্পে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম প্রসেনজিৎ বিশ্বাস। বাড়ি বারুইপুরের ফুলতলা এলাকায়। শুক্রবার পাড়ায় একটি ফুটবল ম্যাচের আয়োজন হয়। সেই খেলায় প্রসেনজিতের টিম জিতে যায়। জয়ের পরেই মাঠে দুই টিমের মধ্যে ঝামেলা বাধে। পরে দু’পক্ষকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।

অভিযোগ, সেই রাগ মেটাতেই সোমবার বিপক্ষ টিমের লোকেরা প্রসেনজিৎকে একটি জায়গায় ডাকে। প্রসেনজিৎ আরও ২ জনকে নিয়ে কথামতো সেখানে যায়। বারুইপুর থানার পালপাড়া ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় প্রসেনজিতের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারা হয় তাকে।

রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, খুনের ঘটনায় ৩ জন জড়িত। স্থানীয়রাই তাদের ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপরই ক্ষোভ গিয়ে পড়ে হাসপাতালের মধ্যে থাকা পুলিশ ক্যাম্পের উপর। উত্তেজিত জনতা পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বারুইপুরেই সম্প্রতি নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

একটি ফুটবল ম্যাচের বিবাদ যে এভাবে প্রাণ কেড়ে নেবে তা ভাবতেও পারেনি কেউ। প্রসেনজিতের মৃত্যুতে শোকের ছায়া ফুলতলা এলাকায়। পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *