Manipur : মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! IED বিস্ফোরণে শহিদ ২ জওয়ান !
কিউ ইন্ডিয়া বাংলা, মনিপুর :- ফের উত্তপ্ত মণিপুর। সোমবার উখরুল জেলার শাংশাক এলাকায় অসম রাইফেলসের কনভয়ে অতর্কিত হামলা চালাল অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের দল। গুলি ও IED বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২ জওয়ান। ঘটনার পর গোটা এলাকায় জারি হয়েছে হাই অ্যালার্ট।
সূত্রের খবর, গতকাল সোমবার ৬ জুলাই ৪০ জন জওয়ানকে নিয়ে কয়েকটি কনভয়ে টহলে বেরিয়েছিল অসম রাইফেলস। শাংশাকের কাছে নুংশাং কং গ্রামের অদূরে পৌঁছতেই আচমকা কনভয় লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে একদল যুবক। আকস্মিক এই হামলায় হতচকিত হয়ে পড়েন জওয়ানরা। তবে দ্রুত পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।
প্রায় এক ঘণ্টা ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই। এই গুলির লড়াইয়ে গুরুতর আহত হন সেনা আধিকারিক বলবন্ত সিং এবং রাইফেলম্যান সিএম সিং। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, শহিদদের মধ্যে একজন কনভয়ের চালকের আসনে ছিলেন।
হামলাকারীরা শুধু গুলিতেই থেমে থাকেনি। সেনা সূত্রে জানা গিয়েছে, কনভয়ের যাত্রাপথে একটি সেতুর দু’পাশে মোট ৩টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা IED পুঁতে রেখেছিল দুষ্কৃতীরা। কনভয় যেতেই তার মধ্যে ২টি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
হামলার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় বন্দুকবাজরা। ঘটনার খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। অভিযুক্তদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। এই হামলার পিছনে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে নিরাপত্তা বাহিনী মনে করছে এটি একটি পরিকল্পিত জঙ্গি হামলা।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। তিনি শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
কয়েক মাস শান্ত থাকার পর ফের মণিপুরে সেনার উপর বড়সড় হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ২ জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় গোটা দেশে শোকের ছায়া। এখন দেখার, কত দ্রুত এই হামলার পিছনে থাকা দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে নিরাপত্তা বাহিনী।
