আজকের দিনেতিলোত্তমা

ইকো পার্কেই বসছে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদের মূর্তি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নিউটাউনের ইকো পার্কেই বসতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের মূর্তি। ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে রাজ্যে এসে মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, নিউটাউনের ইকো পার্ককেই চূড়ান্ত করা হয়েছে মূর্তি স্থাপনের জন্য। ৬ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার আগেই জমি নির্ধারণ ও ভূমি পুজোর প্রস্তুতি শুরু হয়েছে।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই শ্যামাপ্রসাদের মূর্তি বসানোর ঘোষণা হয়েছিল। সরকারি তরফেও সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। শুধু ইকো পার্ক নয়, বাংলার বিভিন্ন জেলাতেও শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা তৈরি হয়েছে। কুমোরটুলি-সহ একাধিক জায়গায় শিল্পীরা এখন মূর্তি তৈরির বরাত পাচ্ছেন।

এদিকে শাহের সফরকে সামনে রেখে দলের অন্দরে কড়া নজরদারি শুরু করেছে বিজেপি। নিচুতলার নেতা-কর্মীদের আচরণ, চালচলন ও দলীয় শৃঙ্খলা নিয়ে একাধিক অলিখিত নির্দেশিকা জারি করা হয়েছে। সূত্রের খবর, ৬ জুলাইয়ের কর্মসূচিতে মণ্ডল, জেলা ও রাজ্যস্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন শাহ। উপস্থিত থাকবেন দলের বিধায়ক-সাংসদরাও। সেখানেই ক্ষমতায় আসার পর দলের আগামী করণীয়, প্রশাসনিক কাজের রূপরেখা ও সাংগঠনিক বার্তা দেবেন তিনি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম শাহের এই ধরনের সাংগঠনিক সভা হতে চলেছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের মূর্তি শুধু জন্মবার্ষিকীর শ্রদ্ধা নয়, বিজেপির কাছে রাজনৈতিক বার্তাও। অমিত শাহের সফরকে ঘিরে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে গেরুয়া শিবির। ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি রাজ্যে দলের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *