ডিম-বেগুন হামলার পরই হাইকোর্টে মহুয়া, রক্ষাকবচের আর্জি কৃষ্ণনগরের সাংসদের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কালীগঞ্জে কর্মিসভায় ডিম-কাদা-বেগুন ছোড়ার ঘটনার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচ চেয়ে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ১ জুলাই নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের কর্মিসভা চলাকালীন পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কে কালো পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ‘হায় হায়’, ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। অভিযোগ, জানালা দিয়ে সাংসদকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই একের পর এক ডিম, কাদা ও বেগুন ছোড়া হয়। এমনকী মহুয়া ও তৃণমূল কর্মীদের ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে।
সমাজমাধ্যমে ভিডিও শেয়ার করে মহুয়ার অভিযোগ, “এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করেছে। জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়েছে। কিন্তু পুলিশ দাঁড়িয়ে দেখেছে, কোনও ব্যবস্থা নেয়নি।”
হাইকোর্টে তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এ পুলিশ তৎপর হলেও, তিনি যে FIR করেছেন সেটির কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই কারণেই রক্ষাকবচের আর্জি জানিয়েছেন তিনি। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
কালীগঞ্জের ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র। তাঁর দায়ের করা FIR-কে গুরুত্ব না দেওয়ার অভিযোগে রক্ষাকবচ চেয়েছেন সাংসদ। এখন হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এই মামলার জল কতদূর গড়ায়, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
