ফুঁসছে তিস্তা, বিপর্যস্ত পাহাড়, জারি হলুদ ও কমলা সতর্কতা
কিউ ইন্ডিয়া বাংলা:- লাগাতার বৃষ্টি সেইসঙ্গে ভূমিধসে লন্ডভন্ড উত্তরবঙ্গ। পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ জলপাইগুড়ি ও আলিপুরদয়ারে। ২০০ মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। ফুঁসছে তিস্তা, তোর্সা, ডায়না, মহানন্দা, জলঢাকা। পাহাড় থেকে ডুয়ার্স, সর্বত্রই দুর্ভোগের ছবি। পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামা, রাস্তা বন্ধের খবর আসছে।
শনিবার রাতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গ ও সিকিমে। এর ফলে উত্তর সিকিমের ফিদাংয়ে সেনাদের তৈরি বেইলি ব্রিজ উড়ে গিয়েছে। মঙ্গন থেকে জঙ্গুতে যাতায়াত বন্ধ। মঙ্গনে প্রবল বৃষ্টিপাতের জেরে বাড়ছে তিস্তার জলস্তর। উত্তরবঙ্গে তিস্তা এবং মহানন্দা নদীর জলস্তর বেড়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও সোমবার ভারী বৃষ্টিপাত চলছে। সব দিকেই কড়া নজরদারি রাখছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। ধস নেমেছে মিরিকের পথে গয়াবাড়িতেও। মহানন্দার জলস্তর বেড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে জয়গাঁ। শিলিগুড়ি-মিরিক রোডে ধস নামে। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের বি-বাড়ির অস্থায়ী ডাইভারশন।
