হরমুজ সংকট কাটিয়ে কন্টেনারে ডিজেল কেনায় নিষেধাজ্ঞা তুলল রাজ্য, বড় ঘোষণা শুভেন্দু সরকারের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মধ্য এশিয়ায় যুদ্ধ আবহে হরমুজ প্রণালী বন্ধের জেরে জ্বালানি সংকট এড়াতে কন্টেনারে ডিজেল কেনায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই নিষেধাজ্ঞা এবার শিথিল করল পশ্চিমবঙ্গ সরকার। জরুরি পরিষেবার ক্ষেত্রে কন্টেনার বা ব্যারেলে ডিজেল কেনায় আর বাধা রইল না।
হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল আমদানিতে সমস্যা দেখা দিয়েছিল। আতঙ্কে সাধারণ মানুষ যাতে অতিরিক্ত তেল মজুত না করেন, সেজন্য কেন্দ্রের নির্দেশে পাত্রে ডিজেল বিক্রি সাময়িকভাবে বন্ধ করা হয়। দিনে কতটা জ্বালানি নেওয়া যাবে তারও সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
এবার রাজ্যে সেই নিয়ম শিথিল হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্বাস্থ্য, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।
তিনি বলেন, “কৃষক ভাইরা, হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। জনসাধারণের স্বার্থরক্ষায় আমরা হস্তক্ষেপ করেছি।” এখন থেকে এই বিভাগের সঙ্গে যুক্তরা প্রাথমিক পরিচয়পত্র দেখিয়ে কন্টেনার বা ব্যারেলে ডিজেল কিনতে পারবেন। দৈনিক সীমাও শিথিল করা হয়েছে।
জরুরি পরিষেবা ও অর্থনীতি সচল রাখতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বড় স্বস্তি। কৃষি থেকে স্বাস্থ্য – সংকটের সময় ডিজেলের অভাবে যাতে কাজ আটকে না যায়, সেটাই নিশ্চিত করতে চাইছে শুভেন্দু সরকার।
