নেট এর পর এবার টেট প্রশ্নপত্র ফাঁস! শেষ মুহূর্তে মহারাষ্ট্রে স্থগিত হয়ে গেল পরীক্ষা
কিউ ইন্ডিয়া বাংলা:- নেট এর পরে এবার টেট। শেষ মুহূর্তে মহারাষ্ট্রে স্থগিত হয়ে গেল শিক্ষতার যোগ্যতা নির্ণায়ক টিচার এলিজিবিটি টেস্ট পরীক্ষা (টেট)। মাত্র ২৪ ঘণ্টা আগে প্রশ্নফাঁসের আশঙ্কায় বন্ধ রাখা হল পরীক্ষা। সরকারি কর্তারা জানিয়েছেন, থানের ভিওয়ান্ডি শহরে হানা দিয়ে কয়েকজনের কাছ থেকে একাধিক প্রশ্ন উদ্ধার হয়েছে। সরকারি কর্তারা জানিয়েছেন, থানের ভিওয়ান্ডি শহরে হানা দিয়ে কয়েকজনের হেফাজত থেকে একাধিক প্রশ্ন উদ্ধার করা হয়েছে যেগুলি টেট পরীক্ষার নির্ধারিত প্রশ্নপত্রের সঙ্গে প্রায় মিলে গিয়েছে বলে অনুমান। এই ব্যাপারে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে ভিওয়ান্ডি পুলিশ। একইসঙ্গে বিবৃতি দিয়ে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদ জানিয়েছে, তারা সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন করতে দায়বদ্ধ। পরিস্থিতির গুরুত্ব ও পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তা মাথায় রেখে ২৮ জুনের পরীক্ষা স্থগিত থাকছে। ৩৭টি জায়গার ১৭২৮টি কেন্দ্রে অন্তত ৬ লক্ষ প্রার্থীর পরীক্ষায় বসার কথা ছিল। থানে জেলা প্রশাসন জানিয়েছে, শনিবার সকালেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসে। কয়েকজনের হাতে বেআইনিভাবে প্রশ্নপত্র চলে গিয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে ভিওয়ান্ডি পুলিশ তল্লাশি অভিযানে নামে। সন্দেহভাজনদের ঠিকানায় হানা দিয়ে পাওয়া যায় একাধিক প্রশ্ন। পর্ষদের পদস্থ কর্তাদের সঙ্গে সঙ্গে ডেকে এনে উদ্ধার হওয়া প্রশ্নগুলি খতিয়ে দেখতে বলে পুলিশ। ভালো করে খুঁটিয়ে দেখে তাঁরা নিশ্চিত হন, টেট পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে তল্লাশিতে পাওয়া অনেক প্রশ্নের। পর্ষদের তরফে পরীক্ষার্থীদের গুজব, উড়ো খবরে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। পরীক্ষার সংশোধিত দিনক্ষণ, সূচি শীঘ্রই পর্ষদের সরকারি ওয়েবসাইটে দেওয়া হবে। প্রার্থীদের কাছ থেকে নতুন করে পরীক্ষায় বসার জন্য কোন রি-রেজিস্ট্রেশন বাবদ কোনও ফি নেওয়া হবে না।
