সিকিম থেকে মদের পাচার রুখতে বড়সড় সাফল্য, উদ্ধার ৪০ লক্ষ টাকারও বেশি মদ ও বিয়ার
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- উত্তরবঙ্গে অবৈধ মদ পাচার, সিকিম থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ নন-ডিউটি পেইড (এনডিপি) বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দার্জিলিং জেলার তিন যুবককে গ্রেফতার করেছে জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন।
গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতর জানতে পারে যে সিকিম থেকে দুটি গাড়িতে করে বিপুল পরিমাণ মদ রাজ্যে ঢোকানো হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি শুরু হয় কালিঝোরা ও সেবক ফরেস্ট সংলগ্ন এলাকায়। ভক্তিনগর রেঞ্জের ওসি এবং ডেপুটি এক্সাইজ কালেক্টর কিরাদ সিং-এর নেতৃত্বে একটি বিশেষ দল গভীর রাতে অভিযান চালায়।
বুধবার ভোররাতের দিকে বেঙ্গল সাফারি এলাকার কাছে সন্দেহভাজন দুটি গাড়িকে আটক করা হয়। তল্লাশিতে একটি টাটা সুমো এবং একটি মহিন্দ্রা বোলেরো পিকআপ থেকে মোট ১,৫২৮.২ লিটার বিদেশি মদ ও ৪৬৮ লিটার বিয়ার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মদ ও বিয়ারের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে আবগারি দফতর। বাজেয়াপ্ত দুটি গাড়ির আনুমানিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
ঘটনায় গ্রেফতার হওয়া তিন যুবকের নাম সুধীর রাই(২৭) আয়ুষ রাই(২০) এবং আয়ুষ্মান লিম্বু(২২)। সকলেই দার্জিলিং জেলার বাসিন্দা। তবে অভিযানের সময় পাচারচক্রের আরও এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে আবগারি আধিকারিকদের অনুমান, উদ্ধার হওয়া মদ শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের মূল হোতা এবং অন্যান্য জড়িত ব্যক্তিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।আগামীদিন তিন যুবককে রিমান্ডের আবেদন জানিয়ে শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হবে।
