ED-Coal Smuggling Case : কয়লা পাচার কাণ্ডে ইডির জালে প্রাক্তন পুলিশকর্তা মনোরঞ্জন মণ্ডল, গ্রেপ্তার !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বারবার তলব এড়ানোর পর অবশেষে ইডির হাতে গ্রেপ্তার হলেন বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। কয়লা পাচার কাণ্ডে কয়লা মাফিয়াদের কাছে টাকা পৌঁছে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার পরেই তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কয়লা পাচার মামলায় তলব করা হলেও একবারও হাজিরা দেননি মনোরঞ্জন। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজির হলে তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইডির দাবি, জিজ্ঞাসাবাদে একের পর এক অসঙ্গতি ধরা পড়ে এবং একাধিক প্রশ্ন এড়িয়ে যান তিনি। এরপরেই দপ্তরেই গ্রেপ্তার করা হয় তাঁকে।
আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডি জানিয়েছিল, পুলিশ-মাফিয়া যোগসাজশেই রাজ্যজুড়ে চলত কয়লা পাচারের সিন্ডিকেট। প্রোটেকশন দিতেই কাঁড়ি কাঁড়ি ঘুষ নিজের পকেটে ঢোকাতেন বারাবনির তৎকালীন ওসি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ ঢোকার তথ্য, অ্যাকাউন্ট নম্বর ও ট্রানজ্যাকশন আইডিও আদালতে পেশ করেছে ইডি। রিপোর্টে দাবি, ওসি থাকাকালীন একাধিক হাত ঘুরে ঘুষের টাকা পৌঁছত মনোরঞ্জনের কাছে।
এর আগে চলতি বছরের মার্চে মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। বাড়িতে কাউকে না পেয়ে দরজায় নোটিস সাঁটিয়ে ফিরতে হয় তদন্তকারীদের।
বারবার হাজিরা এড়ানো, ব্যাঙ্কে অস্বাভাবিক লেনদেন ও মাফিয়া-যোগের অভিযোগ — সব মিলিয়ে কয়লা পাচার কাণ্ডে এবার সরাসরি ইডির জালে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। এই গ্রেপ্তারির পর তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর গোটা রাজ্যের।
