ফলতায় জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, আটক ৮, স্ত্রীর নামে এফআইআর
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিক্ষোভ ঘিরে তৎপর পুলিশ। বিক্ষোভে অংশ নেওয়ায় ৮ জনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে বিক্ষোভে লোক জড়ো করার অভিযোগে জাহাঙ্গীর খানের স্ত্রীর নামেও দায়ের হয়েছে এফআইআর।
গত দু’দিন ধরে ফলতা এলাকায় জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে স্থানীয় মহিলা-পুরুষদের বড় অংশ বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিলেন। মঙ্গলবার বিক্ষোভ তীব্র আকার নেয়। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ ফলতা থানার সামনে জড়ো হয়ে জাহাঙ্গীর খানকে পুলিশ হেফাজত থেকে মুক্ত করার দাবি জানান।
পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর আন্দোলনকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে পুকুর, খাল ও জঙ্গল পেরিয়ে পালিয়ে যান। কিছু সময় উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশের দাবি, বিক্ষোভে লোক জড়ো করার পিছনে জাহাঙ্গীর খানের স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই কারণে তাঁর নামে মামলা রুজু হয়েছে। এছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গোটা ঘটনায় ফলতা এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
