Uddhav Thackeray-MP : উদ্ধব শিবিরে ফের ভাঙনের আশঙ্কা, মাতশ্রীর বৈঠকে গরহাজির একাধিক সাংসদ !
কিউ ইন্ডিয়া বাংলা, মহারাষ্ট্র :- মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা শিবিরে ফের ভাঙনের মেঘ। রবিবার মুম্বইয়ে মাতশ্রী ভবনে ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজির রইলেন দলের একাধিক সাংসদ। শিরডির সাংসদ ভাউসাহেব বাকচৌর ফোন বন্ধ করে বেপাত্তা। আরও দুই সাংসদ যোগ দেননি বৈঠকে। ফলে জল্পনা তুঙ্গে, তবে কি উদ্ধব শিবির ছেড়ে এনডিএ-তে ভিড়তে চলেছেন সাংসদরা?
ইন্ডিয়া জোটের অন্যতম শরিক শিবসেনা উদ্ধব শিবিরে ঝড়ের আঁচ। তৃণমূলের অন্দরে বিদ্রোহ ও সংসদে ভাঙনের পর এবার ধাক্কা লেগেছে উদ্ধবের দলেও। পরিস্থিতি সামাল দিতে রবিবার মাতশ্রী ভবনে দলের সব সাংসদকে জরুরি বৈঠকে ডেকেছিলেন উদ্ধব ঠাকরে। দুপুর সাড়ে ১২টায় বৈঠক শুরুর কথা থাকলেও সময় পেরিয়ে গেলেও বহু সাংসদ পৌঁছননি।
এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা শিরডি লোকসভার সাংসদ ভাউসাহেব বাকচৌরকে নিয়ে। বৈঠকের ঘণ্টাখানেক আগেই তাঁর ফোন পরিষেবার বাইরে চলে যায়। শিরডিতে তাঁর বাড়িতেও কেউ নেই। এমনকী ব্যক্তিগত সহকারীরও খোঁজ মিলছে না। সাংসদের আচমকা এভাবে নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে রহস্য ঘনিয়েছে।
পাশাপাশি সাংসদ সঞ্জয় যাদব, নাগেশ পাটিল-সহ তিনজন সাংসদ দলকে জানিয়েছেন, জরুরি কাজে ব্যস্ত থাকায় তাঁরা বৈঠকে যোগ দিতে পারবেন না। বর্তমানে লোকসভায় শিবসেনা উদ্ধব শিবিরের সদস্য সংখ্যা ৯ জন। রাজ্যসভায় একমাত্র সাংসদ সঞ্জয় রাউত। রাজনৈতিক মহলের অনুমান, এই ৯ জনের মধ্যে একাধিক সাংসদ এনডিএ-তে যোগ দিতে পারেন।
উল্লেখ্য, এর আগেই একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা ভেঙে দুই ভাগ হয়েছিল। উদ্ধবের হাতে থাকা ভাঙা ঘরে ফের ভাঙনের ইঙ্গিত স্পষ্ট। বঙ্গ রাজনীতিতে পালাবদলের পর তৃণমূলে বিদ্রোহের ঢেউ লেগেছে। ৬০-এর বেশি বিধায়ক ‘বিদ্রোহী তৃণমূল’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সংসদেও ২০ জনের বেশি সাংসদ বিদ্রোহ ঘোষণা করে এনডিএ-তে গিয়েছেন। সেই ঝড়ের ধাক্কাই এবার লেগেছে মহারাষ্ট্রে।
সাংসদদের গরহাজিরা ও ফোন বন্ধ করে বেপাত্তা হয়ে যাওয়ার ঘটনায় উদ্ধব শিবিরের অন্দরে চরম অস্বস্তি। দলীয় সূত্রে খবর, পরিস্থিতি বুঝে পরবর্তী রণকৌশল ঠিক করবেন উদ্ধব ঠাকরে। তবে লোকসভার আগে এভাবে সাংসদদের অনাস্থা দলের সাংগঠনিক শক্তিকে বড় প্রশ্নের মুখে ফেলে দিল। এখন দেখার, ভাঙন রুখতে উদ্ধব কী পদক্ষেপ করেন, নাকি মহারাষ্ট্রেও বদলাবে রাজনৈতিক সমীকরণ।
