Kakoli Ghosh Dastidar : ‘বিদ্রোহী সাংসদ ২০ নয়, ২২ হবে’: দিল্লিতে বৈঠকের আগে বিস্ফোরক দাবি কাকলির !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- তৃণমূলে ভাঙনের জল্পনা আরও উস্কে দিলেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দিল্লিতে ‘বিদ্রোহী’ সাংসদদের বৈঠকের আগেই তিনি জানালেন, বিদ্রোহী শিবিরের সংখ্যা ২০ থেকে বেড়ে ২২ হতে চলেছে। তবে নতুন দুই সাংসদের নাম প্রকাশ করেননি তিনি।
দিল্লিতে তৃণমূলের ‘বিদ্রোহী’ ব্লকের বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি স্পষ্ট জানালেন, বিদ্রোহী শিবিরে সাংসদদের সংখ্যা ২০ থেকে বেড়ে ২২ হতে চলেছে। তবে কোন দুই সাংসদ নতুন করে এই শিবিরে যোগ দিচ্ছেন, সে বিষয়ে মুখ খোলেননি কাকলি।
কাকলি বলেন, ‘পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে জায়গায় গেছিল, বিশেষ করে গত চার-পাঁচ বছরে, তার বিরুদ্ধে যাঁরা মত দিয়েছিলেন তাঁদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল। সেই তালিকায় আরও কেউ কেউ যুক্ত হবেন। সংখ্যাটা ২০ বলেছিলাম, আসলে ২২।’
বিদ্রোহের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের কোনও ব্যক্তিগত দাবি নেই। দাবি আবার কী হবে, দেশের ভাল করা, দেশের জন্য কাজ করা। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে যাঁরা সরব হয়েছিলেন, তাঁদের নিয়েই আলোচনা হয়েছে।’
দলীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দলের একাংশ নেতৃত্বের কাজের পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ ছিলেন। দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জমছিল। সেই অসন্তোষই এবার বিদ্রোহের আকার নিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
‘ধরে নিন আরও দুই এক জন আসবেন। আমি যেটা ২০ বলেছিলাম, সেটা আসলে ২২। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে’, মন্তব্য কাকলির। তাঁর এই বিস্ফোরক মন্তব্যের পর দিল্লির বৈঠক এবং তৃণমূলের অন্দরের সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। নতুন দুই সাংসদের নাম গোপন রাখায় জল্পনা আরও বাড়ল।
