ভাঙড়ে ফের ধাক্কা তৃণমূলের, হাতছাড়া আরও এক গ্রাম পঞ্চায়েত
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ভাঙড়ে থামছে না আইএসএফের বিজয়রথ। তৃণমূলের আরও একটি গ্রাম পঞ্চায়েতের দখল নিল নওশাদ সিদ্দিকির দল। শনিবার তৃণমূল সদস্যদের দলবদলের জেরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পঞ্চায়েতটি চলে গেল আইএসএফের নিয়ন্ত্রণে।
ভাঙড় বিধানসভা কেন্দ্রে মোট ১৩টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে ১২টি গ্রাম পঞ্চায়েত এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং একটি গ্রাম পঞ্চায়েত জমি রক্ষা কমিটির নিয়ন্ত্রণে ছিল।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ভাঙড়ে একের পর এক গ্রাম পঞ্চায়েতের দখল নিচ্ছে আইএসএফ। শাকশহর, প্রাণগঞ্জ এবং নারায়ণপুর-বোদরার পর এবার সেই তালিকায় যুক্ত হলো ভাঙড়-১ ব্লকের জাগুলগাছি গ্রাম পঞ্চায়েত।
সূত্রের খবর, জাগুলগাছি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচিত সদস্য সম্প্রতি আইএসএফে যোগদান করেন। তার জেরেই পঞ্চায়েত বোর্ডে সংখ্যার বিচারে এগিয়ে যায় আইএসএফ। শনিবার নিয়ম মেনে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ হাতে নেয় তারা।
২০২৬ বিধানসভা নির্বাচনের পর ভাঙড়ে রাজনৈতিক লড়াইয়ে ক্রমশ কোণঠাসা হচ্ছে তৃণমূল। হাতছাড়া হচ্ছে একের প্রকাশ এক পঞ্চায়েত। ১২টির মধ্যে ইতিমধ্যেই ৪টি পঞ্চায়েত দখল নিয়েছে নওশাদ সিদ্দিকীর দল । জাগুলগাছির পতন ভাঙড়ের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল। দলবদল করিয়ে বোর্ড দখলের এই কৌশলে ভাঙড়ে শক্তি বাড়াচ্ছে আইএসএফ।
