আজকের দিনেতিলোত্তমাসিলেবাস থেকে

Book Fair : বইমেলায় রেকর্ড ভিড়, করুণাময়ী মেট্রো ছাপাল পার্ক স্ট্রিট !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বড়দিনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যে পরিমাণ ভিড় দেখা যায়, তাকেও এবার ছাপিয়ে গেল বইমেলার শেষ রবিবারের যাত্রীসংখ্যা। কলকাতা বইমেলার শেষ দিনে করুণাময়ী মেট্রো স্টেশনে যে পরিমাণ যাত্রী ওঠানামা করেছেন, তা রীতিমতো নজির গড়েছে। বিশেষ করে এসপ্ল্যানেড–শিয়ালদহ সংযোগ সম্পূর্ণ হওয়ায় এই বছর বইমেলায় যাতায়াতের ক্ষেত্রে ইস্ট-ওয়েস্ট মেট্রো হয়ে উঠেছিল বইপ্রেমীদের প্রথম পছন্দ।

শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রো সংযোগ চালু হওয়ার পর এটিই ছিল প্রথম বইমেলা। ফলে শুরু থেকেই অনুমান করা হচ্ছিল, অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি মানুষ মেট্রো ব্যবহার করে মেলাপ্রাঙ্গণে পৌঁছবেন। সেই মতো প্রস্তুতিও নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। তবে করুণাময়ী স্টেশনের যাত্রীসংখ্যা সমস্ত হিসাব-নিকাশকেই কার্যত ওলটপালট করে দিয়েছে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, বইমেলার ক’দিনে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মোট যাত্রী যাতায়াত করেছেন ২৪ লক্ষ ৭৬ হাজার ১১৪ জন। এর মধ্যে একা করুণাময়ী মেট্রো স্টেশনেই ওঠানামা করেছেন ৫ লক্ষ ৩৬ হাজার ৪৬৭ জন যাত্রী। বইমেলার শেষ রবিবারে শুধু করুণাময়ী স্টেশনেই মেট্রোয় চড়েছেন প্রায় ৬৬ হাজার মানুষ। তুলনায় চলতি বছরের ২৫ ডিসেম্বর বড়দিনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রীসংখ্যা ছিল ৬৫ হাজারেরও কম।

করুণাময়ীর পাশাপাশি সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনেও ছিল উল্লেখযোগ্য ভিড়। সেখানে প্রায় এক লক্ষ যাত্রী ওঠানামা করেছেন বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। তবে বইমেলার প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে করুণাময়ী স্টেশনই সবচেয়ে কাছের হওয়ায় স্বাভাবিকভাবেই এই স্টেশনেই ভিড় সবচেয়ে বেশি হয়েছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালু হওয়ার পর থেকেই বইমেলায় যেতে মেট্রো হয়ে উঠেছিল মানুষের ভরসা। অনেক বইপ্রেমীর মতে, সল্টলেকে বইমেলা হওয়ার পর মেট্রো পরিষেবা না থাকলে এত বিপুল ভিড় সম্ভব হতো না। কারণ বাস থাকলেও যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছনো সময়সাপেক্ষ হয়ে উঠত। বিশেষ করে এসপ্ল্যানেড–শিয়ালদহ সংযোগ চালু হওয়ায় হাওড়া লাইনের হাজার হাজার বইপ্রেমী লোকাল ট্রেনে হাওড়া এসে সেখান থেকে মেট্রো ধরে অল্প সময়েই পৌঁছে যেতে পেরেছেন মেলাপ্রাঙ্গণে। অনেকেরই মত, এই সংযোগ না হলে যাত্রীসংখ্যা অন্তত অর্ধেক কম হত।

মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, পুজো বা বড়দিনের মতো গুরুত্বপূর্ণ দিনে বড় স্টেশনগুলিতে সাধারণত ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী ওঠানামা করেন। সেখানে বইমেলার শেষ রবিবারে করুণাময়ী স্টেশনে সেই সংখ্যাকে ছাপিয়ে যাওয়াটা তাঁদের কাছেও প্রত্যাশার বাইরে ছিল।

সব মিলিয়ে এবারের বইমেলায় ইস্ট-ওয়েস্ট মেট্রো যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা যাত্রীসংখ্যার হিসাবই স্পষ্ট করে দিয়েছে। শহরের পরিবহণ ব্যবস্থায় মেট্রোর গুরুত্ব যে দিনে দিনে আরও বাড়ছে, বইমেলার এই রেকর্ড ভিড় তারই প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *