আজকের দিনেবাংলার আয়না

গরমে স্বস্তি! আরও ৫ স্টেশনে দাঁড়াবে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- তীব্র গরমে নাজেহাল নিত্যযাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের স্টপেজ বাড়াল পূর্ব রেল। এবার থেকে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। আপাতত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই পরিষেবা।

পূর্ব রেলওয়েতে প্রথম এসি লোকাল চালু হয় শিয়ালদহ ডিভিশনের রানাঘাট-শিয়ালদহ রুটে। আপ ও ডাউন—দুই দিকেই সকালে অফিস টাইমে এবং বিকেলে অফিস ফেরত যাত্রীদের কথা মাথায় রেখে চালু হয়েছিল ট্রেনটি। কিন্তু ট্রেনটি খুব কম স্টেশনে দাঁড়ানোয় দীর্ঘদিন ধরেই ক্ষোভ জানাচ্ছিলেন যাত্রীরা। স্টপেজ বাড়ানোর দাবি জোরালো হচ্ছিল।

সেই দাবি মেনেই রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে শিমুরালি, কাঁচরাপাড়া, হালিশহর, জগদ্দল এবং ইছাপুর—এই পাঁচটি স্টেশনে থামবে এসি লোকাল।

তবে আপাতত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই পরিষেবা। চলতি মাসের ১৫ জুন থেকে ৩১ জুন পর্যন্ত নতুন স্টপেজে দাঁড়াবে ট্রেন। যাত্রীদের সাড়া এবং ট্রাফিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে রেল।

নতুন সময়সূচি:
৩১৬৩৭ শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল:
– ইছাপুর: সন্ধ্যা ৭:৩২
– জগদ্দল: সন্ধ্যা ৭:৩৯
– কাঁকিনাড়া: সন্ধ্যা ৭:৪২
– হালিশহর: সন্ধ্যা ৭:৫৪
– শিমুরালি: রাত ৮:১২

৩১৬৩৭ রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল:
– শিমুরালি: সকাল ৮:৪৫
– হালিশহর: সকাল ৯:০২
– কাঁকিনাড়া: সকাল ৯:১৩
– জগদ্দল: সকাল ৯:১৬
– ইছাপুর: সকাল ৯:২৩

অতিরিক্ত পাঁচটি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোয় বিপুল সংখ্যক যাত্রী উপকৃত হবেন বলে আশাবাদী রেল। বিশেষ করে গরমে এসি লোকালের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। পরীক্ষামূলক পর্বে যাত্রীদের সাড়া মিললে স্থায়ীভাবে স্টপেজ চালু রাখার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *