আজকের দিনেবাংলার আয়না

হাওড়ার নয়া রূপ: গঙ্গার পাড়ে বসছে ৬০ ফুটের দুর্গা মূর্তি,

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হাওড়া:- বাঙালির কাছে দুর্গাপুজো কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির চিরন্তন আবেগ এবং শ্রেষ্ঠ সাংস্কৃতিক উদ্‌যাপন। শরৎকালের নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর কাশফুল জানান দেয়—মা আসছেন। ঢাকের আওয়াজ আর শিউলি ফুলের গন্ধে চারপাশ হয়ে ওঠে মোহময়।

পুজো মানেই পুরনো বন্ধুদের সাথে আড্ডা, নতুন জামাকাপড় পরা, আর প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার অদম্য উৎসাহ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালি এই কটা দিন সব দুঃখ-কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠে। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ থেকে বিজয়া দশমীর কোলাকুলি পর্যন্ত—পুরো সময়টাই বাঙালির হৃদয়ে এক অদ্ভুত মাধুর্য ও আত্মিক মিলনের সুর ছড়িয়ে দেয়। তাই তো দুর্গাপুজো বাঙালির কাছে শুধু চার দিনের উৎসব নয়, এটি তার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। এবার এই দূর্গা ঠাকুরই বদলে দিতে চলেছে হাওড়ার চেহাড়া।

হাওড়ার গঙ্গার তীরবর্তী এলাকা ও গ্র্যান্ড ফরশোর রোডের খোলনলচে বদলে ফেলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ও পোর্ট ট্রাস্ট। উত্তর হাওড়ার বিধায়ক তথা নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, হাওড়াকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই সৌন্দর্যায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই প্রকল্পের মূল দিকগুলো হলো:

  • বিশাল দুর্গা মূর্তি: রামকৃষ্ণপুর ঘাটে ৬০ ফুট উচ্চতার একটি ধাতব দুর্গা মূর্তি ও তার পাশে দুটি ধাতব ধুনুচি স্থাপন করা হবে, যার নাম রাখা হয়েছে ‘দুর্গা শক্তি’। দুর্গাপুজোর আগেই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

  • ‘কলকাতা আই’: লন্ডন আই-এর ধাঁচে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ‘কলকাতা আই’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

  • সৌন্দর্যায়ন ও উন্নয়ন: ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে গঙ্গার ঘাটগুলোর আধুনিকীকরণের পাশাপাশি অস্থায়ী দোকানগুলোকে সরিয়ে এলাকাটি ঢেলে সাজানো হবে।

  • ভবিষ্যৎ পরিকল্পনা: সৌন্দর্যায়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি রামকৃষ্ণপুর ঘাটের কাছে একটি বড় হাসপাতাল তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

উমেশ রাই আরও জানান, এই দুর্গামূর্তিটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে পুজোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এলে তিনিও তা দর্শন করতে পারেন। এর আগে অন্য জায়গায় ‘কলকাতা আই’ তৈরির প্রস্তাব থাকলেও এবার পোর্ট ট্রাস্টের সহযোগিতায় তা হাওড়াতেই বাস্তবায়িত হতে চলেছে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কলকাতা আই তৈরি করা হবে বলে জানানো হয়। প্রথমে হুগলি নদীর পশ্চিম পাড়ে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন্সে গড়ার কথা হলেও পড়ে গঙ্গার পূর্ব তীরে মিলেনিয়াম পার্কে এটি গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু কাজ সেই ভাবে হয়নি। এবার হাওড়ায় কলকাতা বন্দরের সঙ্গে হাত মিলিয়ে কলকাতা আই তৈরির কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *