রবিবার অভিষেক ও কুণালকে মুখোমুখি বসিয়ে জেরা! প্রস্তত ভবানী ভবন
কিউ ইন্ডিয়া বাংলা:- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই মুহূর্তে চূড়ান্ত নাটকীয়তা! গতকালই দুপুর ১২ নাগাদ ফের ভবানী হাজিরা দিতে হবে অভিষেককে। সই জাল কাণ্ডে গত ১১ জুন হাইকোর্টের নির্দেশে প্রথম হাজিরা দেন অভিষেক। সেই দিন গোয়েন্দা আধিকারিকদের সামনে বসিয়ে জেরা করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। জানা গেছে, আধিকারিকদের বেশিরভাগ কথাতেও জানি না, বা বলতে পারব না বলে উত্তর দেন অভিষেক, এমনকী মেজাজও হারান তিনি। এর পরেই তাকে ফের ১৪ জুন, রবিবার অভিষেককে তলব করা হয়েছে। অভিষেকের কথায় সন্তুষ্ট নয়, গোয়েন্দা আধিকারিকেরা, ফলে তাঁকে আবার জেরা করা হবে। আরও খবর, দলের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষের কাছেও সমন পাঠিয়ে রবিবার হাজিরা দিতে বলা হয়েছে ভবানী ভবনে। শুক্রবারই সিআইডির এক অফিসার কুণাল ঘোষের বাড়িতে যান। তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে ভবানী ভবনে। তাঁকে সেকেন্ড হাফে ডাকা হয়েছে। জানা গেছে, অভিষেকের বয়ানে কোনও অসঙ্গতি ধরা পড়লে তাকে আর কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।
জানা গেছে, সিআইডির মূল তিনটি প্রশ্ন হল, বিরোধী দলনেতা নির্বাচনের জন্য কবে রেজোলিউশন হয়েছিল? ৬মে নাকি ১৯ মে। দুই, বৈঠকের কার্যবিবরণী তথা মিনিটস বুক তথা আসল খাতাটি কোথায় আছে? তিন, যারা বলছেন তাদের সই নকল করা হয়েছে তাদের হয়ে কারা সই করেছিলেন?
কিন্তু অভিষেকের কাছ থেকে এখনও কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে সিআইডি সূত্রে দাবি। সেই কারণে ফের তলব রবিবার।
এদিকে আদালতের কাছে রক্ষাকবচের উত্তরে কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দেয়, সিআইডিকে সব রকম সাহায্য করতে হবে।
