শিলিগুড়িতে চাঞ্চল্য, তৃণমূলের কর্মাধ্যক্ষ আইনুল হকের আত্মহত্যা
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের প্রভাবশালী নেতা আইনুল হকের আত্মহত্যায় শোরগোল ফাঁসিদেওয়ায়। গতকাল রাতে খেয়ে ঘুমোতে যান তিনি। ভোরে ঘরের ভিতর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিক চাপে ভুগছিলেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
ফাঁসিদেওয়ার বাঁশগাও গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আইনুল হক একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থাকার পর বর্তমানে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন। দলের প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যান আইনুল হক। এদিন ভোরে পরিবারের সদস্যরা ঘরের ভিতর তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর যায় ফাঁসিদেওয়া থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন আইনুল হক। তারপর থেকেই শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক চাপ থেকেই এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তৃণমূল নেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফাঁসিদেওয়া ও বাঁশগাও এলাকা। খবর পেয়েই তাঁর বাড়িতে ভিড় জমান তৃণমূলের কর্মী-সমর্থকরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
