আজকের দিনেবিশ্বরাজনীতি

Trump-Iran : যুদ্ধের দামামা বাজিয়েই সুর নরম, ইরানের সঙ্গে ‘ডিল’ চূড়ান্তের পথে ট্রাম্প ?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অবস্থান বদল ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার রাতে ইরানে ‘সবচেয়ে বড় হামলা’র হুঁশিয়ারি দিয়েও ভোররাতে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশালে জানালেন, তেহরানের সঙ্গে শান্তিচুক্তি অনেকখানি এগিয়েছে, তাই আপাতত ইরানে হামলা স্থগিত।

বৃহস্পতিবার রাতে ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘আজ রাতে ইরানে বড়সড় হামলা চালাবে আমেরিকা। যাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান-বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, মায় আক্রমণাত্মক সক্ষমতার সিংহভাগ ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।’

খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারিও দেন তিনি। দাবি করেন, ‘অদূর ভবিষ্যতের কোনও এক পর্যায়ে আমরা খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল-অবকাঠামো কেন্দ্রগুলির নিয়ন্ত্রণ নেব। ওদের তেল ও গ্যাসের পূর্ণ কর্তৃত্ব নেব আমরা, ঠিক যেমনটা ভেনেজুয়েলার ক্ষেত্রে করেছি।’

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে যান ট্রাম্প। নতুন পোস্টে লেখেন, ‘ইরানের সঙ্গে আলোচনার বিষয়বস্তু সেদেশের সর্বোচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। তাঁরা সেই প্রস্তাব মেনেও নিয়েছেন। তাই আমি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ইরানের উপর যাবতীয় আক্রমণ আপাতত বন্ধ রাখছি।’

তবে হরমুজ-সহ অন্যান্য জলপথে অবরোধ জারি থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার দিনক্ষণও পরে জানাবেন বলে দাবি করেছেন।

এই প্রথম নয়। অতীতেও বেশ কয়েকবার শান্তি বৈঠক সফল হওয়ার দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু অধিকাংশ সময়েই তা বাস্তবে রূপ পায়নি।

হামলার হুমকি থেকে সরাসরি সন্ধির বার্তা, কয়েক ঘণ্টায় ট্রাম্পের এই ইউ-টার্ন আন্তর্জাতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। ইরানের তেল-ভাণ্ডার দখলের হুঁশিয়ারি থেকে সরে এসে আলোচনার টেবিলে ফেরার কথা বলছেন তিনি। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, ট্রাম্পের ‘শান্তি’র দাবি শেষ পর্যন্ত কতটা টেকে, সেটাই দেখার। আপাতত হরমুজে অবরোধ জারি রেখে চুক্তির দিনক্ষণের অপেক্ষায় ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *