আজকের দিনেখেলাবিশ্ব

World Cup Football 2026 : শাকিরার পাওয়ারে বিশ্বকাপের বোধন, মেক্সিকোর ঐতিহ্যে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মেক্সিকো:- অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ফুটবলের বিশ্বযুদ্ধ। বৃহস্পতিবার মেক্সিকোর এস্তাদিয়ো আজতেকায় সুর, নাচ আর আলোর মূর্ছনায় উদ্বোধন হল এবারের বিশ্বকাপের। ৪৮ দেশের লড়াই শুরুর আগে মঞ্চ মাতালেন শাকিরা, জে বলভিন, মানা ও বেলিন্ডা পেরেগ্রিন।

স্থানীয় সময় বেলা ১১টায় ভরা গ্যালারির সামনে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম পর্বে ছিল মেক্সিকোর ঐতিহ্য। আজতেকা সভ্যতার রঙ, মারিয়াচি ব্যান্ডের সুর আর লোকনৃত্যের মিশেলে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। দর্শকরাও গলা মেলান স্থানীয় গানের সঙ্গে। মেক্সিকোর সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতেই এই আয়োজন।

এরপর মঞ্চে ওঠে মেক্সিকোর কিংবদন্তি পপ-রক ব্যান্ড মানা। চার সদস্যের ব্যান্ড ‘রায়ো দে লুনা’, ‘লাবিওস কমপার্টিদোস’-এর মতো হিট গান পরিবেশন করে। ব্যান্ডের পারফরম্যান্স চলাকালীন স্টেডিয়ামের চারপাশে আতশবাজির রোশনাইয়ে সেজে ওঠে আজতেকা।

মেক্সিকোর অন্যতম জনপ্রিয় পপস্টার বেলিন্ডা পেরেগ্রিনও মঞ্চ কাঁপান। তাঁর গান ‘বেলা ত্রাইসিওন’-এর তালে দুলে ওঠে গ্যালারি। এরপর আসেন কলম্বিয়ান সুপারস্টার জে বলভিন। ‘মি জেন্তে’, ‘আজুল’-এর মতো একাধিক বিখ্যাত গানের অংশ পরিবেশন করে বিশ্বকাপের মঞ্চে লাতিন পপের ঝড় তোলেন তিনি।

কথায় বলে মধুরেণ সমাপয়েত। একেবারে শেষ লগ্নে মঞ্চে ওঠেন শাকিরা। বিশ্বকাপের থিম সংয়ের সঙ্গে তাঁর নাম জড়িয়ে গেছে ওতপ্রোতভাবে। ২০১০-এর ‘ওয়াকা ওয়াকা’, ২০১৪-র ‘লা লা লা’ থেকে এবারের ‘দাই দাই’, প্রতিবারই তাঁর গান বিশ্বকাপের আবেগ হয়ে উঠেছে। হলুদ ক্রপ টপ, সাদা স্কার্ট আর কালো সানগ্লাসে মঞ্চে উঠে প্রথমেই দর্শকদের অভিবাদন জানান শাকিরা। নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে যুগলবন্দিতে ‘দাই দাই’ গেয়ে দেড় মাস ব্যাপী মহাযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দেন তিনি। তাঁর পাওয়ার প্যাকড ডান্স আর ভোকাল পারফরম্যান্সে তখন গোটা স্টেডিয়াম উত্তাল।

মাত্র ১৫ মিনিটের এই উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর লোকসংস্কৃতি থেকে গ্লোবাল পপ, সবকিছুর মিশেল রাখা হয়েছিল। ফিফা জানিয়েছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল ‘একতা ও বৈচিত্র্য’।

সুর আর উদযাপনে পর্দা উঠল বিশ্বকাপের। শাকিরার পাওয়ার পারফরম্যান্স দিয়েই শুরু হল বলের লড়াই। উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মাঠের খেলা শুরুর আগেই উদ্বোধনী অনুষ্ঠানে বাজিমাত করল মেক্সিকো। আগামী দেড় মাস ফুটবল জ্বরে কাঁপবে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *