CID-Abhishek : CID দফতর থেকে বেরোলেন অভিষেক, সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার CID-র সামনে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধে ৬টার ১১ মিনিট আগেই ভবানীভবনে পৌঁছন তিনি। সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাতে বের হন।
বিতর্কের শুরু স্পিকারকে পাঠানো একটি চিঠিকে ঘিরে। সেই চিঠিতে বিরোধী দলনেতা ও মুখ্য সচেতকের নাম প্রস্তাব করা হয়েছিল। রেজলিউশনের যে প্রতিলিপি স্পিকারকে পাঠানো হয়, তাতে অভিষেকের সই সহ তৃণমূলের ৭০ বিধায়কের সই ছিল। কিন্তু বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বিধায়কদের সই জাল করা হয়েছে। স্পিকারকে চিঠি দিয়ে অভিযোগ জানান তাঁরা।
এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে CID। একাধিক বিধায়কের বাড়িতে যান গোয়েন্দারা। নোটিস যায় অভিষেকের কাছেও। তিনবার নোটিস পেয়েও হাজিরা এড়ান তিনি। আদালতে রক্ষাকবচের আবেদন করলে হাইকোর্ট জানায়, তদন্তে সহযোগিতা করলেই রক্ষাকবচ মিলবে। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে প্রথমে কালীঘাটের বাড়ি, পরে ভবানীভবনে যান অভিষেক।
সূত্রের খবর, জেরার জন্য বিশেষ প্রশ্নমালা তৈরি করেছিল CID। জানতে চাওয়া হয়, অরিজিনাল রেজলিউশন বুকটি কোথায়। বৈঠকে না থাকা বিধায়কদের সই রেজলিউশন বুকে কীভাবে এল। ওই বিধায়করা পরে সই করেছেন, না কি সই জাল করা হয়েছে। রেজলিউশনে অনেকের নাম ইংরেজির ক্যাপিটাল লেটারে লেখা। ক্যাপিটাল লেটারে কীভাবে সই থাকতে পারে, সেই প্রশ্নও তোলেন গোয়েন্দারা।
সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পর ভবানীভবন থেকে বের হন অভিষেক। আদালতের নির্দেশে আপাতত রক্ষাকবচ পেলেও তদন্ত চলবে। CID-র পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে অভিষেকের নাম জড়ানোয় নতুন করে চাপে তৃণমূল।
