আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

অদিতি মুন্সির অফিসে হানা, মিলল ধারালো অস্ত্র-সাদা থান-সরকারি ত্রাণের পাহাড়!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- রাজারহাট-গোপালপুরে তৃণমূলের একাধিক ওয়ার্ড অফিসে তালা ভেঙে ‘অভিযান’ চালালেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির অফিস-সহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হল ধারালো অস্ত্র, বেতের লাঠি, সাদা থান ও বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী। বিজেপি বিধায়কের দাবি, দলীয় কর্মীদের ‘কোপানোর জন্য’ অস্ত্র মজুত রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার তৃণমূলের ওয়ার্ড অফিসগুলিতে অভিযান চালান বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ও তাঁর অনুগামীরা। প্রথমে বাগুইআটিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসের তালা ভেঙে ভিতর থেকে উদ্ধার হয় সাদা থান ও সরকারি ত্রাণসামগ্রী।

এরপর বিধাননগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুইয়ের অফিসে হানা দেয় বিজেপি। অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী-ঘনিষ্ঠ বলে পরিচিত ওই কাউন্সিলরের অফিস থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, বেতের লাঠি, বালতি, ত্রিপল-সহ প্রচুর ত্রাণসামগ্রী।

বিজেপি বিধায়ক তরুণজ্যোতির অভিযোগ, দুর্গতদের বিলির জন্য আসা সরকারি ত্রাণ মজুত করে রেখেছিল তৃণমূল। তাঁর আরও দাবি, “আমাদের কার্যকর্তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ৪ তারিখের পর কোপানো হবে। এই অস্ত্রগুলি আমাদের জন্য রেডি করে রাখা হয়েছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলে দলের কর্মীদের খুন করা হত।”

অস্ত্র ও ত্রাণ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক। অভিযোগের তির প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর দিকে। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *