Modi-Make History : আজই ইতিহাস: নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- ১০ জুন ২০২৬, আজই নতুন ইতিহাস লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হলেন তিনি। এই ঐতিহাসিক দিনে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোদিকে।
আজ ১০ জুন নেহরুর একটানা কার্যকালের রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন নরেন্দ্র মোদি। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর রেকর্ড এখন তাঁর দখলে।
এই মাইলফলক উপলক্ষে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়াকা ৮ জুনের চিঠিতে লিখেছেন, “এই মাইলফলকটি শুধু কার্যকালের প্রমাণ নয়, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণ আপনার নেতৃত্বের ওপর যে আস্থা বারবার রেখেছে, তারও প্রমাণ।” তিনি ভারতের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের প্রশংসা করেন। ৪-৬ এপ্রিল ২০২৫ শ্রীলঙ্কা সফরে মোদিকে ‘মিত্র বিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছিল। ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ভারতের সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।
পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে ভিডিও বার্তায় মোদিকে “নেতৃত্বের আদর্শ ও দৃষ্টান্ত” বলেছেন। তাঁর মতে, “২০০ মিলিয়নেরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনা এক অসাধারণ কৃতিত্ব।” ২০২৩ সালের মে মাসে FIPIC-III শীর্ষ সম্মেলনের জন্য মোদির পাপুয়া নিউ গিনি সফর ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর।
ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্বে একটি অগ্রণী কণ্ঠস্বর হিসেবে বিকশিত হয়েছে।” তিনি মোদির সাধারণ জীবন থেকে ১.৪ বিলিয়ন মানুষের নেতৃত্ব দেওয়ার যাত্রা এবং পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। ৩-৪ জুলাই ২০২৫ মোদির ত্রিনিদাদ ও টোবাগো সফর ছিল ২৬ বছরে প্রথম দ্বিপাক্ষিক সফর।
দারিদ্র্য দূরীকরণ, গ্লোবাল সাউথের নেতৃত্ব এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে মোদির শাসন আজ বিশ্বের দরবারে প্রশংসিত। ১০ জুন ২০২৬ শুধু একটি রেকর্ড ভাঙার দিন নয়, ১৪০ কোটি ভারতীয়ের আস্থার প্রতিফলন। নেহরুর পর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী একটানা এতদিন দেশের নেতৃত্ব দিলেন।
