Odisha Draft List: ওড়িশায় খসড়া তালিকা থেকে বাদ পড়ল ২০ লক্ষ ভোটারের নাম, জানাল নির্বাচন কমিশন
কিউ ইন্ডিয়া বাংলা- ওড়িশার খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল ২০ লক্ষের বেশি ভোটারের নাম। রবিবার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এসআইআর শুরু হওয়ার আগে এই রাজ্যে ৩ কোটি ৩৩ লক্ষ ভোটার ছিলেন। খসড়া তালিকায় তা কমে দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট মিটে যাওয়ার পরে গত ১৪ মে ওড়িশা-সহ ১৯ রাজ্যে এসআইআর ঘোষণা করে কমিশন। এর পরেই গত ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত চলে এনুমারেশন পর্ব।
ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক আরএস গোপালন জানান, এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৩৩ লক্ষ। এখন তা কমে দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ কোটি ৬০ লক্ষ। মহিলার সংখ্যা ১ কোটি ৫৩ লক্ষ। এ ছাড়া খসড়া তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২,৭৭৫ জন।
মূলত মৃত, কাজের সূত্রে রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাওয়া বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। কমিশন সূত্রে খবর, যে ২০ লক্ষের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যে ৮ লক্ষ ৩২ হাজার জন মৃত। অনুপস্থিত বা পাকাপাকি ভাবে অন্যত্র চলে গিয়েছেন এমন ভোটারের সংখ্যা ১০ লক্ষ ৭ হাজার, এদের নাম বাদ পড়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এনুমারেশন পর্বে ১ লক্ষ ৫৮ হাজার নাম একাধিক জায়গায় পাওয়া গিয়েছে। সেগুলিও বাদ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ১৪ হাজার ভোটার নিজেদের এনুমারেশন ফর্ম বুথ স্তরের আধিকারিক (বিএলও)-এর কাছে জমাই করেননি, ফলসরূপ তাদের নামও খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।
