আজকের দিনেতিলোত্তমা

দিঘার জগন্নাথ মন্দির থেকে বাদ ‘ধাম’ শব্দ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , কলকাতা :- ওড়িশার আপত্তি মেনে দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করল রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, নতুন নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’। পুরীর রীতি মেনেই হবে পুজোপাঠ।

হিন্দু ধর্মে বদ্রীনাথ, দ্বারকা, পুরীর জগন্নাথ ধাম ও রামেশ্বরম – এই চারটিই ‘চারধাম’। দিঘার মন্দিরকে ‘ধাম’ বলায় ওড়িশা সরকার ও পুরীর মহারাজ তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ‘ধাম’ শব্দ ব্যবহার না করার আবেদন জানান।

এবার তিনি প্রতিনিধি হিসাবে পুরীর সাংসদ সম্বিত পাত্রকে নবান্নে পাঠান। সম্বিত পাত্র বলেন, ‘আগের সরকারের এই কাজে ওড়িশাবাসীর কষ্ট হয়েছিল। তবে এখনকার সরকার সনাতনীদের সম্মান করেন। শুভেন্দুদা পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।’

নবান্ন থেকে শুভেন্দু অধিকারী জানান, ‘ধাম শব্দ সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার থেকে ‘ধাম’ শব্দ সরছে। কালচারাল সেন্টার নাম থাকবে। পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনেই দিঘায় পুজো হবে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘আগের সরকার সনাতন ধর্ম না মেনে সনাতনীদের অপমান করেছে।’

বর্তমানে দিঘার মন্দিরের পুজো অর্চনা দেখভাল করছে ইসকন। পরিচালন সমিতির তথ্য ওয়েবসাইটে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

ওড়িশার দীর্ঘদিনের দাবি মেনে ‘ধাম’ বিতর্কের অবসান ঘটাল রাজ্য সরকার। এই সিদ্ধান্তে দুই রাজ্যের মধ্যে ধর্মীয় ইস্যুতে তৈরি হওয়া তিক্ততা কাটবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে দিঘার মন্দিরে পুরীর রীতি চালু করে সনাতনী ভাবাবেগকে মান্যতা দেওয়ার বার্তাও দিল নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *