ISL-East Bengal : দুরন্ত র্যামিরেজ-এডমুন্ড-বিপিন! সপ্তমীতে চার্চিলকে উড়িয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- চার্চিলের ডেরায় গিয়ে চার্চিলকে হারিয়ে সপ্তমীতে আইএসএল ‘বোধন’ হল ইস্টবেঙ্গলের। রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএলে নবাগত চার্চিল ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন লাল-হলুদ বাহিনী।(ISL-East Bengal)
শুরু থেকেই দাপট দেখায় আন্তোনিও লোপেজ হাবাসের দল। ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় দুরন্ত ফ্রিকিকে দলকে এগিয়ে দেন দানি র্যামিরেজ। বক্সের সামনে ফাউল থেকে পাওয়া ফ্রিকিক নিখুঁত শটে জালে জড়ান স্প্যানিশ তারকা।
৪ মিনিটে হলুদ কার্ড দেখেন চার্চিলের গৌরব বরা। গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ১৭ মিনিটে ওকোলির শট পোস্টে লেগে ফিরে আসায় সমতা ফেরাতে ব্যর্থ হয় চার্চিল। ৪২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন লেকেও।
৪৫ মিনিটে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। বাঁ-দিক থেকে ডেভিড হামারের বাড়ানো বল থেকে বক্সে ঢুকে গোল করেন এডমুন্ড লালরিন্ডিকা। বিরতিতে ২-০ তে এগিয়ে থাকে লাল-হলুদ।(ISL-East Bengal)
দ্বিতীয়ার্ধেও লড়াই ছাড়েনি চার্চিল। ৬৫ মিনিটে বক্সের মধ্যে দারুণ বল পেয়েও পা ছোঁয়াতে পারেননি লেকে। ৭১ মিনিটে এডমুন্ডের বাড়ানো বলে সহজ সুযোগ নষ্ট করেন বিষ্ণু।
অবশেষে ৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জাদুতে বিশ্বমানের গোল করেন বিপিন সিং। ৯০ মিনিটে ফের গোল করে চার্চিলের কফিনে শেষ পেরেক পোঁতেন তিনি।
প্রস্তুতি পর্বে ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ড খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছন্দে দেখাল ইস্টবেঙ্গলকে। এএফসিতে আল-শোর্তার কাছে দু’বার এগিয়ে থেকেও হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে নবাগত চার্চিলকে উড়িয়ে স্বপ্নের শুরু করল হাবাস বাহিনী।(ISL-East Bengal)
