Lakshmi Bhandar : নদিয়ায় ১৭৩ ‘পুরুষ লক্ষ্মী’, ভাণ্ডারের প্রাপকের খোঁজ, চাঞ্চল্য এলাকায় !
কিউ ইন্ডিয়া বাংলা :- লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেন পুরুষরাও। নদিয়ার কৃষ্ণনগর-২ ব্লকে ১৭৩ জন পুরুষের অ্যাকাউন্টে মাসের পর মাস ঢুকেছে প্রকল্পের টাকা। ঘটনা সামনে আসতেই শোরগোল। দায়িত্বপ্রাপ্ত ব্লক কর্মীকে শোকজ করেছে জেলা প্রশাসন। নোটিস পাওয়ার পর থেকেই বেপাত্তা ওই কর্মী।
অন্নপূর্ণা যোজনা নামে নতুন করে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা বাছাই চলছে। ভেরিফিকেশনের সময় কৃষ্ণনগর-২ ব্লকে ধরা পড়ে বড় অসঙ্গতি। দেখা যায়, ব্লকের ১৭৩ জন পুরুষের নাম উপভোক্তা তালিকায় রয়েছে এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত ৩ হাজার টাকা করে জমা পড়েছে। এই ঘটনায় প্রকল্পের দায়িত্বে থাকা ব্লক কর্মী ভোলা শীলকে শোকজ করে জেলা প্রশাসন। কিন্তু নোটিস পাওয়ার পর থেকেই তিনি নিরুদ্দেশ। ধুবুলিয়ার নেতাজি পল্লিতে তাঁর বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি। পরিবারের দাবি, তিনি চিকিৎসার জন্য কলকাতায় গেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানো হচ্ছে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলাতেই মিলছে এমন ‘পুরুষ লক্ষ্মী’র খোঁজ। প্রশাসনের একাংশের মদত ছাড়া এই দুর্নীতি সম্ভব নয় বলে অভিযোগ উঠছে। পুরো ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য চালু হওয়া প্রকল্পের টাকা পুরুষদের অ্যাকাউন্টে যাওয়ার ঘটনায় প্রকল্পের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠল। শোকজ হওয়া কর্মীর বেপাত্তা হয়ে যাওয়া সন্দেহ আরও বাড়াচ্ছে। প্রশাসন কড়া ব্যবস্থার আশ্বাস দিলেও আদৌ রাঘববোয়ালরা ধরা পড়বে কি না, সেটাই এখন দেখার বিষয়।
