আজকের দিনেবাংলার আয়না

রায়দিঘির নিখোঁজ বিশেষ চাহিদাসম্পন্ন যুবক বাংলাদেশে! উদ্ধারের দাবিতে পরিবার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে নিখোঁজ হওয়া বিশেষ চাহিদাসম্পন্ন যুবক পলাশ ঘোষের খোঁজ মিলেছে বাংলাদেশে। সাতক্ষীরা থেকে আসা একটি ফোন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘোষপাড়া এলাকায়। কাঁটাতারের বেড়া পেরিয়ে কীভাবে বাংলাদেশে পৌঁছালেন ওই যুবক, তা নিয়ে উঠছে প্রশ্ন।

রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার বাসিন্দা ৩৫ বছরের পলাশ ঘোষ। পরিবার সূত্রে খবর, প্রায় ১৫ দিন আগে মামার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে আর খোঁজ মেলেনি।পলাশ শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন। তিনি কথা বলতে পারেন না এবং কানে শুনতেও পান না। চাষের কাজ করেই বৃদ্ধ বাবা একাদশী ঘোষ ও মা ঝর্ণা ঘোষের সংসার চালাতেন। একমাত্র ভরসা নিখোঁজ হওয়ায় দিশেহারা পরিবার।নিখোঁজের পর রায়দিঘি থানায় ডায়েরি করে পরিবার। অভিযোগের কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের সাতক্ষীরা থেকে ফোন আসে। ফোনে দাবি করা হয়, পলাশকে সেখানে একটি দোকানে বসে থাকতে দেখা গিয়েছে। এই খবরে হতবাক পরিবার ও স্থানীয়রা।ঘটনার পর বড় প্রশ্ন উঠেছে সীমান্ত নিরাপত্তা নিয়ে। কড়া নজরদারি ও কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও কীভাবে একজন বিশেষ চাহিদাসম্পন্ন যুবক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গেলেন, তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী।

পরিবারের আবেদন, প্রশাসন দ্রুত পদক্ষেপ করে পলাশ ঘোষকে নিরাপদে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনুক। রাজ্য সরকারের কাছেও সহায়তার আর্জি জানিয়েছেন তারা। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। বাংলাদেশে দেখা যাওয়ার দাবি কতটা সত্য, আর কবে পরিবারের কাছে ফিরবেন নিখোঁজ পলাশ ঘোষ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *