আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

ভোটে হারতেই শওকতের ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ভোটে হারের পর ক্যানিংয়ের দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লার সমস্ত নিরাপত্তা তুলে নিল রাজ্য সরকার। একসময় ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া শওকত এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।

তৃণমূল জমানায় ক্যানিংয়ের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন শওকত মোল্লা। ছাব্বিশের বিধানসভা ভোটে ভাঙড় থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন তিনি। আইএসএফের নওশাদ সিদ্দিকির কাছে হেরে যাওয়ার পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি তাকে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই বুধবার রাতে তার যাবতীয় সুরক্ষা প্রত্যাহার করা হল।

একসময় প্রয়াত সিপিএম নেতা তথা বাম আমলের মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লার শিষ্য ছিলেন শওকত। ২০১১ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ধাপে ধাপে বেড়েছিল তার নিরাপত্তা বেষ্টনী। শেষ পর্যন্ত ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। কলকাতা পুলিশ ও জেলা পুলিশের দুটি পাইলট গাড়ি-সহ ২৪ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল শওকতের জন্য।

উল্লেখ্য, ভোটের আগে ভাঙড়ে প্রচারে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “শওকতের নিরাপত্তা তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি ওর নিরাপত্তা তুলে নেওয়া হয় তাহলে আমার নিরাপত্তারক্ষী দিয়ে শওকতকে নিরাপত্তা দেব।” সেই মন্তব্য নিয়ে তখন রাজনৈতিক মহলে জোর চর্চা হয়েছিল। ভোটে হারের পর থেকে ঘরবন্দি হয়ে পড়েন শওকত। এবার সরকারি নিরাপত্তাও হারালেন তিনি। বারুইপুর জেলা পুলিশ সূত্রে খবর, শওকত মোল্লা বিধায়ক নন এবং তার অন্য কোনও সাংবিধানিক পদও নেই। সেই কারণেই আপাতত তার কোনও নিরাপত্তা ব্যবস্থা থাকছে না। এতদিন যারা শওকতের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা সকলেই বারুইপুর পুলিশ জেলায় রিপোর্ট করেছেন। হঠাৎ নিরাপত্তা তুলে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শওকত। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভোটের ফল বদলাতেই রাজ্যের একাধিক দাপুটে নেতার নিরাপত্তা বলয় আলগা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন শওকত মোল্লা। মমতার আশ্বাসের পরেও শেষরক্ষা হল না ক্যানিংয়ের এই প্রাক্তন দাপুটে নেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *