৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার ও ৫ টাকায় মাছ-ভাত: শুভেন্দুর ধামাকা ঘোষণা
কিউ ইন্ডিয়া বাংলা, কল্যাণী: মঙ্গলবার কল্যাণীর এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে তিন জেলার (নদীয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি) গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক শেষে একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বদলে হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ এবং ‘স্বাস্থ্য সাথী’ রূপান্তরিত হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে।
মুখ্যমন্ত্রীর প্রধান ঘোষণাগুলি একনজরে:
-
৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার: আগামীকাল, বুধবার বিকেল থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হবে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম মিলবে। বিডিওদের নেতৃত্বে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন।
-
লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে: যতদিন না উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকছে, ততদিন পর্যন্ত তাঁরা পুরনো নিয়মেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। আগামী ১ জুন থেকেই নতুন প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই সুবিধা কেবল ভারতীয় নাগরিকরাই পাবেন, কোনো অবৈধ অনুপ্রবেশকারী নয়।
-
৫ টাকায় মাছ-ভাত: রাজ্যের প্রায় ৪০০টি ‘মা ক্যান্টিন’। সেগুলোর একটিও বন্ধ হচ্ছে না। উল্টে সেখানে সপ্তাহে ২ দিন ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত। বাকি ৫ দিন আগের মতোই ডিম-ভাত পাওয়া যাবে।
-
মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা: সরকারি বাসে আপাতত সব মহিলার জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হচ্ছে। পরবর্তীতে মহিলাদের জন্য বিশেষ কার্ড তৈরি করে দেওয়া হবে।
-
নতুন হেল্পলাইন: আগামী সপ্তাহ থেকে ‘দিদিকে বলো’র জায়গায় চালু হচ্ছে ‘আপনার সরকারকে বলুন’। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দেওয়া এই নামে নতুন টোল-ফ্রি নম্বরও চালু করা হবে।
-
দিল্লি সফর ও নতুন দপ্তর: আগামী ৮ জুন আয়ুষ্মান ভারতের বিষয়ে দিল্লি যাচ্ছে রাজ্য সরকার। এছাড়া, আয়ুষ (Ayush) বিভাগকে স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করে একজন যোগ্য অফিসারের হাতে সম্পূর্ণ নতুন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে।
আগামী ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে ‘জনকল্যাণ শিবির’ করা হবে এবং ২১ জুন রাজ্যজুড়ে বিশ্ব যোগ দিবস পালন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
