আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Garbeta-TMC : গড়বেতায় তৃণমূল কার্যালয় থেকে বস্তা বস্তা ত্রাণের ত্রিপল-কম্বল উদ্ধার, তুঙ্গে রাজনৈতিক তরজা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূলের পুরনো ব্লক কার্যালয় থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে তৃণমূলের পুরনো ব্লক অফিসটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে আছে। কয়েক বছর আগে দলের নতুন কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার পর পুরনো ভবনটি গুদামঘর হিসেবেই ব্যবহার হতো বলে দাবি স্থানীয়দের।

রবিবার সকালে কয়েকজন বাসিন্দা অফিসটির তালা খোলা দেখে ভিতরে ঢোকেন। সেখানে ডাঁই করে রাখা ছিল বিপুল পরিমাণ কম্বল ও ত্রিপলের বান্ডিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি কর্মী-সমর্থকেরা। পরে পুলিশও আসে।

বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি সৌমেন শুকুলের দাবি, প্রায় দেড় হাজার ত্রিপল এবং এক হাজারের কাছাকাছি কম্বল উদ্ধার হয়েছে। তিনি বলেন, ‘সরকারি ত্রাণ সামগ্রী কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে কেন মজুত থাকবে? পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’

পরে বিজেপি কর্মীরা উদ্ধার হওয়া ত্রাণসামগ্রী ট্র্যাক্টরে বোঝাই করে গড়বেতা পঞ্চায়েত অফিসে জমা দেন। বিজেপির পঞ্চায়েত সদস্য সাহেব সিদ্ধান্ত জানান, ‘ত্রিপল ও কম্বলগুলো পঞ্চায়েত অফিসে রাখা হয়েছে। কী ভাবে এগুলো ওই বাড়িতে মজুত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

অন্যদিকে, তৃণমূলের গড়বেতা-১ ব্লক সভাপতি অসীম সিংহের দাবি, ওই ভবনটি আর দলের অফিস হিসেবে ব্যবহৃত হয় না। তিনি বলেন, ‘প্রাক্তন বিধায়ক উত্তরা সিংহ হাজরা বিধায়ক কোটায় পাওয়া কিছু ত্রিপল ও কম্বল সেখানে রেখেছিলেন। সেখান থেকেই তিনি বিতরণ করতেন। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’ যদিও এ বিষয়ে প্রাক্তন বিধায়ক উত্তরা সিংহ হাজরার প্রতিক্রিয়া মেলেনি।

গড়বেতার বিজেপি বিধায়ক প্রদীপ লোধা বলেন, ‘তৃণমূলের এটাই সংস্কৃতি। সরকারি ত্রাণ দলীয় কার্যালয়ে মজুত রাখা হয়েছে। এখন প্রশাসন সিদ্ধান্ত নেবে এগুলো নিয়ে কী করা হবে।’

সরকারি ত্রাণসামগ্রী কীভাবে দলীয় কার্যালয়ে মজুত ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। ত্রাণসামগ্রী আপাতত পঞ্চায়েত অফিসে রাখা হয়েছে। প্রশাসন পরবর্তী পদক্ষেপ কী নেয়, সেদিকেই তাকিয়ে গড়বেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *