Parking Slip Scams : ভুয়ো স্লিপে পার্কিংয়ের তোলাবাজি বন্ধে কড়া রাজ্য, রাতেও চলবে পুলিশি অভিযান !
কিউ ইন্ডিয়া বাংলা:- কলকাতার রাস্তায় গাড়ি পার্ক করলেই ভুয়ো স্লিপ ধরিয়ে অতিরিক্ত টাকা আদায়ের দিন শেষ করতে তৎপর রাজ্য। শহরের বুকে রমরমিয়ে চলা পার্কিং-মাফিয়াদের দাপট রুখতে এবার সরাসরি হস্তক্ষেপ করেছে পুর দপ্তর। কলকাতা-সহ রাজ্যের সব জেলার পুলিশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের হাঁটাচলার অসুবিধা করে বা রাস্তা দখল করে কোনওভাবেই বেআইনি পার্কিং বরদাস্ত করা হবে না।
রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘রাস্তার দু-পাশে অবৈধ পার্কিং কোনভাবেই বরদাস্ত করব না। বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়, যেখান থেকে সরকার কোনও রাজস্ব পায় না। সেই জালিয়াতি বন্ধ করার জন্য যা যা করণীয় সবই করতে বলা হয়েছে।’ সাধারণ মানুষের থেকে ইচ্ছেমতো টাকা আদায় বন্ধ করতে সরকার পার্কিংয়ের একটি নির্দিষ্ট ‘রেট চার্ট’ তৈরি করছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। সেই চার্ট ডিসপ্লে বোর্ডে টাঙিয়ে রাখতে হবে। অতিরিক্ত টাকা নিলে ওই সংস্থার লাইসেন্স বাতিল করা হবে এবং আগামী দিনে সংশ্লিষ্ট সংস্থা পার্কিং লটের বরাত পাওয়ার জন্য ডাকা টেন্ডারে অংশ নিতে পারবে না।
পুর দপ্তরের এই কড়া নির্দেশের পরেই বেআইনি পার্কিং বন্ধে তৎপর হয়েছে লালবাজার। পুলিশ কমিশনার অজয় নন্দর নির্দেশে শহরের সব থানা এবং ট্র্যাফিক গার্ডকে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে স্পেশাল ড্রাইভে নামার কথা বলা হয়েছে। শুধু দিনে নয়, রাতের শহরেও চলবে অভিযান।
লালবাজার সূত্রে খবর, বেআইনি পার্কিংয়ের নিরিখে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে কিছু এলাকাকে। এই তালিকায় শীর্ষে রয়েছে এক্সাইড ও শেক্সপিয়ার সরণি চত্বর, বিড়লা প্ল্যানেটোরিয়াম ও পার্ক স্ট্রিট, শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকা, স্ট্র্যান্ড রোড ও পোস্তা। এর বাইরেও পুলিশের নজরে রয়েছে রাসবিহারী অ্যাভিনিউ, গড়িয়াহাট, লর্ড সিনহা রোডের মতো এলাকা। যেখানে পুরসভার নির্ধারিত বৈধ ফি-র তুলনায় প্রায় দ্বিগুণ বা তারও বেশি টাকা নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।
পুলিশ কমিশনার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বৈধ পার্কিং লটেও যাতে অতিরিক্ত টাকা না নেওয়া হয়, সেখানেও কড়া নজরদারি চালাতে হবে। এরই পাশাপাশি থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, পার্কিং জোনের আড়ালে যে সমস্ত ‘দাদারা’ তোলাবাজি চালাচ্ছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুরসভাকেও এ বিষয়ে সাহায্য করার কথা বলা হয়েছে পুলিশকে। কলকাতা পুরসভার পার্কিং বিভাগের এক কর্তা বলেন, ‘পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। শহরের সব পার্কিং লট এবং পার্কিং ফি-র তালিকা পুলিশকে দেওয়া হয়েছে।’
নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুর দপ্তর। পার্কিং-মাফিয়াদের দাপটে অতিষ্ঠ শহরবাসী এবার কিছুটা স্বস্তি পাবেন বলেই মনে করছে প্রশাসনিক মহল।
